শেরপুরের কলস নদীর ওপর একটি সেতুর অভাবে ৩ উপজেলার ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাধীনতার পর থেকে এ নদীর ওপর একটি সেতুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। সেতু না থাকায় যুগ যুগ ধরে বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজার মানুষের।
ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শেরপুর সদরের সংযোগস্থলে কলস নদীর ওপর স্থানীয়রা একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ওই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে বৃদ্ধ, শিশু রোগীরা বেশি ভোগান্তির শিকার হন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। উৎপাদিত কৃষি পণ্য ও গবাদি পশু পারাপারে কৃষকদের নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা ও কলসপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, কলস নদীর ওপর সেতু নির্মাণের দাবি উঠছে দেশ স্বাধীনের পর থেকেই। বিভিন্ন সময় উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সেতু নির্মাণের বিষয়টি আলোচনাও হয়েছে। আশ্বাসও পাওয়া যায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছ থেকে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।
শেরপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান জানান, এখানে একটি সেতু নির্মাণের জন্য ডিপিপি নামে নতুন একটি প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কার্যক্রম শুরু করা হবে।