সাগরে ইলিশ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পাথরঘাটার মৎস্যজীবীরা। শনিবার সকাল ১০টায় পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি জানান জেলার মৎস্যজীবীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন মৎস্যজীবীরা।
জেলা মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়। এ সময় বরগুনা জেলার মৎস্যজীবী, জেলে ও মাছ ব্যবসার সঙ্গে জড়িত কয়েক শত শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু নতুন করে ১৯৮৩ সালের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য আইনে ২০১৫ সালের সংশোধিত ১৯ ধারা রেখে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। দুই মাস নিষেধাজ্ঞা আরোপ করায় জেলেদের না খেয়ে জীবনযাপন করতে হবে বলে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
আরও পড়ুন: বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে আইএস!
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বরগুনার জেলার জেলেরা সরকারের নিয়ম মেনে চললেও ট্রলি জাহাজের জেলেরা ও মালিকরা সরকারের নিষেধাজ্ঞা না মেনে বঙ্গোপসাগরসহ উপকূলীয় এলাকায় এসে ছোট মাছ শিকার করছে। এ সময় উপকূলীয় জেলেদের মারধরের অভিযোগও করছেন তারা।
মানববন্ধনে জেলা মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. শহিদ, পাথরঘাটা পোনা আড়ৎদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন প্রমুখ।
ইত্তেফাক/অনি