নটর ডেম কলেজে বসছে দেশের সর্ববৃহৎ বিজ্ঞানমেলা

নতুন প্রজন্মের বিজ্ঞানমনস্ক চেতনাকে আরও সমৃদ্ধ করার প্রতিবছরের মতো এবারও রাজধানীর নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 'নটর ডেম বার্ষিক বিজ্ঞান মেলা ২০২১ ও ৩১তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা'। ৬৬ বছরের পথচলায় নিজস্ব ঐতিহ্য বজায় রেখে নটর ডেম বিজ্ঞান ক্লাব এবারও বড় পরিসরে আয়োজন করছে এই বিজ্ঞানমেলার। আগামী  ১০, ১১, ১২ ও ১৩ মার্চ চারদিনব্যাপী এই বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হবে।

প্রতিবারের মতোই এবারও বাংলাদেশসহ বিশ্বের মোট ১২টি দেশের ২৫০টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৮০০০ শিক্ষার্থী এতে অংশ নেবে।  এবারের বিজ্ঞানমেলায় সর্বমোট ১০টি ইভেন্ট এবং একটি ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে। বিজ্ঞানভিত্তিক প্রকল্প, দেয়াল পত্রিকা, রচনা, অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, ক্রসওয়ার্ড, উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, রুবিক্স কিউব সলভিং, রোবট কম্পিটিশন, গাড়ি তৈরির প্রতিযোগিতা, ওয়েব পেজ ডিজাইনিং এবং আরও অনেক চমকপ্রদ আয়োজন থাকবে এতে। পাশাপাশি এবার অনুষ্ঠিত হবে ৩১তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।

বিজ্ঞানমেলার অনুষ্ঠানসূচি

এসব আয়োজনে বাংলাদেশের সকল বিজ্ঞান ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞানমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এআইইউবি এর ভিসি চার্লস ভিলানুয়েভা এবং আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি মহোদয় এবং সঞ্চালনা করবেন নটর ডেম বিজ্ঞান ক্লাব এর মডারেটর জনাব ভিনসেন্ট তিতাস রোজারিও।