কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক ইউপি সদস্যের বাড়ির ছাদে গাজাঁচাষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সদস্যের ছেলে মোহাম্মদ মাসুদ (৪৪) কে আটক করে ও ১০টি গাজাঁগাছ উদ্ধার করে পুলিশ।
রবিবার (৬ মার্চ) দিবাগত রাত ৯টায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীপুর গ্রাম থেকে গাজাঁ গাছ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।
আটক মোহাম্মদ মাসুদ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মনিকা বেগম ও মৃত মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নবীপুর গ্রামে ইউপি সদস্য মনিকা বেগমের বাড়ির ছাদে মাদক চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০টি গাজাঁগাছ, গাজাঁচাষ সংরক্ষণ ও বিক্রয়ের সরঞ্জাম উদ্ধার করে। গাজাঁচাষের অভিযোগে মহিলা ইউপি সদস্যর ছেলে মোহাম্মদ মাসুদকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘নিজ বাড়ির ছাদে গাঁজাচাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’