সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বিশ্বনাথ দাশ ওরফে বিষু (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ মার্চ) তৈলকুপি গ্রাম থেকে পাটকেলঘাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিশ্বনাথ উপজেলার তৈলকুপি গ্রামে মৃত সুবোল দাশের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিশুটি খেলা করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিষু ফাঁকা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি কোনক্রমে ধর্ষকের হাত থেকে পালিয়ে মায়ের কাছে গিয়ে সব ঘটনাটি খুলে বলে। শুক্রবার সকালে শিশুটির পিতা বাসুদেব দাস বাদী হয়ে পাটকেলঘাটা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। শুক্রবার সন্ধ্যায় তৈলকুপি গ্রাম থেকে পাটকেলঘাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পাটকেলঘাটায় থানার ওসি কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান,ধর্ষণের চেষ্টা ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলা নাম্বার ৮। শুক্রবার আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।