বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং উন্নয়ন সমন্বয়ের চেয়ারপার্সন অধ্যাপক ড. আতিউর রহমান, ‘বিশ্ব অর্থনৈতিক মন্দা পরবর্তী পরিস্থিতি এবং প্যারিস জলবায়ু চুক্তির পরে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আর্থিক সেবা খাতের গুরুত্ব আরও বেশি মাত্রায় স্পষ্ট হয়ে উঠেছে। এক দিকে আর্থিক সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর বিবর্তন এবং অন্য দিকে বহুমুখী আর্থ-সামাজিক প্রভাবের প্রেক্ষাপটে এ খাতের নেতৃত্বের চ্যালেঞ্জগুলো আরও জটিল এবং বিকশিত হয়ে উঠছে।’
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংক এশিয়া লিমিটেড আয়োজিত ফিউচার লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এফএলডিপি)-এ এক বিশেষ বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মো. আরফান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে দুই শতাধিক উচ্চ ও মধ্যম পর্যায়ের ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
আরো পড়ুন: নুসরাতের মায়ের ৫ লাখ টাকা ঋণ মওকুফ
ড. আতিউর রহমান বলেন, ‘বর্তমানে দেশের আর্থিক সেবা খাতকে এগিয়ে নেওয়ার জন্য নতুন ধরনের নেতৃত্বের প্রয়োজন। যারা একটি ডিজিটাল সংস্কৃতি বিকাশে সক্ষম, সেবার আওতা বৃদ্ধির জন্য উদ্ভাবনী কৌশল প্রয়োগে আগ্রহী, বৈচিত্র্যময় আর্থ-সামাজিক প্রেক্ষাপট থেকে আসা বহু সংখ্যক অংশিজনের সাথে একসঙ্গে কাজ করতে সক্ষম এবং সর্বোপরি শক্তিশালী নৈতিক মূল্যবোধ দ্বারা পরিচালিত হবেন।’
তিনি আরো বলেন, বিশ্বব্যাপী মূল্যবোধের জায়গায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে প্রায় সকলেই প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে পরিবেশ-প্রাণ-প্রকৃতি ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে একমত হচ্ছেন ‘
বক্তৃতা শেষে তিনি অধিবেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় বাংলাদেশ ও সমগ্র বিশ্বের আর্থিক সেবা খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সব শেষে তরুণ নেতৃত্ব বিকাশের জন্য এই বিশেষ উদ্যোগ নেয়ার জন্য তিনি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্টের প্রশংসা করেন।
ইত্তেফাক/বিএএফ