দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসের আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন যা চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন হাল্ট প্রাইজ হাবিপ্রবির মিডিয়া অ্যান্ড জার্নালিজম টিমের চীফ যোবায়ের ইবনে আলী।
চীফ অব ক্যাম্পেইন অ্যান্ড প্রোমোশন মমতাজ জাহান জানান, প্রতিবারের মতো এবারও হাল্ট প্রাইজ প্রতিযোগিতাটি সশরীরে ক্যাম্পাসে করার পরিকল্পনা থাকলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সম্পূর্ণ আয়জনটি এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
বৈশ্বিক এই আয়োজনের এবারের প্রতিযোগিতার মাধ্যমে করোনায় বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কর্মসংস্থান বাড়ানোর জন্য কিভাবে কাজ করা যায়, সেই বিষয়টি স্থান পেয়েছে। বিজনেস প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রতিযোগিরা এ বিষয়ে নিজেদের ধারণা তুলে ধরবেন। হাবিপ্রবির যেকোনো শিক্ষার্থী এই ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
এবারের অন ক্যাম্পাস ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং সেকেন্ড রানার্সআপ টিমকে পুরস্কার দিবে স্টুডেন্টস ই-কমার্স প্লাটফর্ম। এছাড়াও গিফট ভাউচার দিবে ই-লার্নিং পার্টনার, আমার আই স্কুল এবং গিফট স্পন্সর অ্যারিসট্রোক্র্যাট ড্রিমস। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সব দল পাবে পার্টিসিপেশন সার্টিফিকেট।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হাল্ট প্রাইজ বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া সৃষ্টিকারী বার্ষিক প্রতিযোগিতা। বাংলাদেশসহ পৃথিবীর ১২১টি দেশের প্রায় ১৫০০ ক্যাম্পাসে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রেক্ষাপটভেদে সমস্যার সমাধানকল্পে সেরা আইডিয়া প্রদানকারী দলকে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন কর্তৃক এক মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারে ভূষিত করা হয়।