আগৈলঝাড়ায় স্কুলছাত্রী শ্যালিকাকে অপহরণ করেছে দুলাভাই

বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুলছাত্রী শ্যালিককে অপহরনের চার মাস পর অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারী দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী অনিতা রানী রায়কে (১৪) গত ২১জুলাই স্কুলে যাওয়ার পথে বারপাইকা গ্রামের নরেণ হালদারের ছেলে ও ওই ছাত্রীর দুলাভাই নরোত্তম হালদার অপহরণ করে। সূত্র আরও জানায়, নরোত্তম তার স্ত্রীকে প্রায়ই মারধর করায় বিষ পানে স্ত্রী দেড় বছর আগে আত্মহত্যা করতে বাধ্য হয়।

অপহরণের পর অনিতাকে বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ করে নরোত্তম। ওই ঘটনায় অনিতার বাবা ২৪ নভেম্বর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করে। পুলিশ রবিবার অপহৃতা স্কুলছাত্রী অনিতাকে উদ্ধার এবং অপহরণকারী নরোত্তমকে গ্রেফতার করে। গতকাল অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ও অপহরণকারীকে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ইত্তেফাক/নূহু