অ্যাপলকে হটিয়ে শীর্ষে স্যামসাং
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ১৯:৪৭
স্মার্টফোনের বিশ্বব্যাপী বাজারে যে দুইটি প্রতিষ্ঠানকে চিরপ্রতিদ্বন্দ্বী বলা যায়, তারা হচ্ছে স্যামসাং এবং অ্যাপল। তবে সাম্প্রতিক সময়ে অ্যাপলকে হটিয়ে শীর্ষস্থানটি দখলে রেখেছে স্যামসাং। কমস্কোর তাদের সর্বশেষ এক প্রতিবেদনেও দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের স্মার্টফোনের বাজারে এখন অ্যাপলকে পেরিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে স্যামসাং। তাদের প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর মাসের হিসেব যুক্তরাষ্ট্রের স্মার্টফোনের বাজারের প্রায় ২৬.৩ শতাংশ দখলে রয়েছে স্যামসাংয়ের। কমস্কোরের তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরেই ক্রমেই নিজেদের বাজার বাড়িয়েই চলেছে স্যামসাং। অন্যদিকে একই সময়ে ১৭.৮ শতাংশ বাজার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপল। এই প্রথমবারের মতো অ্যাপল দ্বিতীয় স্থানে নেমে গেল। স্যামসাং এবং অ্যাপল'র বাইরে তৃতীয় স্থানে রয়েছে এলজি। তাদের বাজারের পরিমাণ ১৭.৬ শতাংশ। আর চতুর্থ স্থানে থাকা মটোরোলার বাজার ১১ শতাংশ। স্যামসাংয়ের এই উত্থান অবশ্য নতুন কিছু নয়। অ্যানড্রয়েডের জনপ্রিয়তার সাথে সাথেই স্যামসাং বৈচিত্র্যময় সব মডেল নিয়ে বিশ্বব্যাপী শীর্ষস্থানটি দখল করে নিচ্ছে।