এবার সিরিয়ায় গুগল-টুইটারের ভয়েস সার্ভিস চালু
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ১৯:৪৭
২০১১ সালে আরব বসন্তের সময়ে মিশরে সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সার্ভিস যখন বন্ধ করে রাখা হয়েছিল, তখন মানুষের বাক স্বাধীনতাকে উন্নীত রাখতে টুইটার এবং গুগল'র পক্ষ থেকে চালু রাখা হয়েছিল ভয়েস সার্ভিস। টেলিফোন থেকেই তখন টুইট করতে পারত মিশরীয়রা। সিরিয়াতেও এখন একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। সেখানেও ইন্টারনেট সংযোগ ব্যবহারে নানারকম বাধার সম্মুখীন হতে হচ্ছে। গুগল'র ডেভিড টোরেসও জানিয়েছেন, সিরিয়াতে তাদের সেবা ব্যাহত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতেই গুগল এবং টুইটার পুনরায় সিরিয়ার জন্য ভয়েস সার্ভিস চালু করেছে। এর ফলে যেকোনো ফোন থেকে একটি নির্দিষ্ট নাম্বারে ফোন করেই টুইট করা যাবে টুইটারে। 'স্পিক টু টুইট' সার্ভিসটি সবাইকে টুইটারে যুক্ত রাখবে নির্বিঘ্নে। এই সার্ভিসের জন্য চারটি ফোন নাম্বার বরাদ্দ রাখা হয়েছে। ডেভিড টোরেস জানিয়েছেন, 'ইন্টারনেট ব্যবহারে বাঁধা আসলেও টেলিফোনের মাধ্যমে প্রদান করা এই সেবায় কোনো ধরনের ইন্টারনেটের প্রয়োজন হবে না।'