বসতবসতি
ঘর সাজবে ক্রিস্টালে
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ১৯:০১
মানুষ বরাবরই সৌন্দর্য পিপাসু। তাই মানুষ তার আশপাশের সবকিছুই সাজাতে চায় নিজের মনের মতো করে। সারা দিনের কর্মব্যস্ততার পর একটু সুখের, একটু শান্তির আশ্রয় আমাদের ঘর। এ জন্যই একটু বেশি ভালোলাগা খুঁজে পেতে সবাই নজর দিই ঘরের সাজসজ্জার ওপর। ঘরের সাজের সব উপকরণজুড়েই থাকা চাই স্নিগ্ধতার ছোঁয়া। ঘর সাজানোর সুন্দর স্নিগ্ধতা আনতে একটি শো-পিস হচ্ছে ফুলদানি। কেউবা আবার দামি দামি শো-পিস ব্যবহার করেন নিজ বংশ মর্যাদা বা আভিজাত্য বুঝাতে। মাটি, মেটাল, গ্লাস, ক্রিস্টালসহ বিভিন্ন রকম শো-পিস বাজারে পাওয়া যাচ্ছে। চলুন জেনে নিই ক্রিস্টালের শো-পিসের বৃত্তান্ত, জানিয়েছেন সাজেদুল ইসলাম শুভ্র
শো-পিসগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় ঝলমলে হলো ক্রিস্টালের শো-পিস। ক্রিস্টালের শো-পিস থেকে আলোর প্রতিফলন হয় সবচেয়ে ভালো, যার ফলে সহজে তা আমাদের দৃষ্টিসীমার মধ্যে চলে আসে। শো-পিসের বাজারে ক্রিস্টালের শো-পিসের দামটা বেশি এবং মানুষের কাছে এর গ্রহণযোগ্যতাও বেশি।
বর্তমান সময়ে আমরা সবাই আমাদের ঘরগুলোকে সাজাতে চাই অনেক সুন্দর করে, আকর্ষণীয় করে তুলতে। আর এ সৌন্দর্যবোধ থেকেই মানুষ ঘরের সৌন্দর্যে শো-পিস ব্যবহার করে। বর্তমানে ক্রিস্টালের শো-পিসের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আধুনিক যুগের এ বাড়িগুলোতে প্রবেশ করলেই সর্বপ্রথম চোখে পড়ে ড্রয়িংরুম। তাই ড্রয়িংরুমকে সাজাতে হবে একটু বেশি গুরুত্বের সঙ্গে। ড্রয়িংরুমে একটু বড় সাইজের শো-পিসগুলো বেশি মানানসই, এ ক্ষেত্রে ড্রয়িংরুমে রাখা যেতে পারে একটি বড় সাইজের ক্রিস্টালের ঘোড়া, বাঘ বা অন্যকিছু, যা আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুমাত্রায়। এ ছাড়াও শোফা সেটের মাঝের বা কর্নারের টেবিলে রাখতে পারেন ক্রিস্টালের বড় ফুলদানি।
বাজারে হাজারও রকমের ক্রিস্টালের শো-পিস রয়েছে। যেগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। বিভিন্ন আকৃতি যেমন—পশু-পাখির মধ্যে ঘোড়া, বাঘ, হরিণ, বক ইত্যাদি পাশাপাশি বিভিন্ন রকম তারকা আকৃতির শো-পিস, ক্রিস্টালের পেপার ওয়েট, ফুল, ফল, ঘরবাড়ি, এ রকম হাজারও রকমের ক্রিস্টালের শো-পিস রয়েছে। তবে আকৃতিগত বৈচিত্র্যের পাশাপাশি ক্রিস্টালের শো-পিসগুলোতে রয়েছে রঙের খেলা। সাদা, গোলাপি মেটালিকসহ বিভিন্ন রঙের শো-পিস পাওয়া যায়। আর মাঝের টেবিলে রাখতে পারেন ছোট সাইজের ফুলদানিগুলো। বর্তমানে ক্রিস্টালের কতগুলো ফুলের স্ট্যান্ডসহ ফুল পাওয়া যায়। সৌন্দর্য বর্ধনে স্থান পেতে পারে এগুলোও। অন্দর মহলে শোয়ার ঘরের বেড সাইডে একটা টেবিল ল্যাম্পের পাশাপাশি রাখতে পারেন ক্রিস্টালের শো-পিস। আর শোকেস মানেই হলো শো-পিস রাখার পাত্র। শোকেসের ভেতরটা সাজাতে পারেন ইচ্ছামতো করে। ছোট ছোট খেলনা জাতীয় জিনিসগুলো রাখুন শোকেসের ভেতরে। আর শোকেসের ওপরে রাখতে পারেন ক্রিস্টালের তৈরি নান্দনিক ছবির ফ্রেম। ফ্রেমের মাঝে আপনার ছোট্ট সোনামণি বা পারিবারিক কোনো ছবিও রাখতে পারেন। আর শিশুর ঘরটি সাজাতে পারেন আপনার সন্তানের পছন্দের সব খেলনা দিয়ে। বর্তমানে বাজারে একধরনের ক্রিস্টালের তৈরি ফুলের স্টিক পাওয়া যাচ্ছে সেগুলোতে ব্যাটারি দিয়ে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ক্রিস্টালের ওপর লাল-নীল রঙের খেলা শো-পিসকে আরও বেশি আকর্ষণীয় ও অর্থবহ করে তুলেছে। শো-পিসগুলোর মধ্যে ক্রিস্টালের শো-পিসগুলোর দামটাই সবচেয়ে বেশি। একেবারে ছোট সাইজের বিভিন্ন রকম শো-পিসের দাম পড়বে ৮০ থেকে ৫০০ টাকা, মাঝারি সাইজের শো-পিসগুলোর দাম পড়বে ৩৫০ থকে ৯০০ টাকা। আর একদম বড় সাইজের চমত্কার সব ক্রিস্টালের শো-পিসের দাম পড়বে ৮০০ থেকে ২০-৩০ হাজার বা তার চেয়েও বেশি। আমাদের দেশে হলমার্ক, আরচিস, বসুন্ধরা সিটি, ইস্টার্ন মল্লিকা, আলমাস সুপার শপ, নিউমার্কেটের কিছু দোকানসহ অভিজাত শপিংমলগুলোতে বিভিন্ন রকম ক্রিস্টালের শো-পিস পাওয়া যায়।