ইন্টারনেট রেগুলেশন নিয়ে সম্মেলন শুরু দুবাইয়ে
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ১৯:২৮
ইন্টারনেট এখন আর উন্নত বিশ্বের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বরং এটি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। সারা পৃথিবীর মানুষই এখন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে ইন্টারনেটের উপরে। ইন্টারনেট ছাড়া যেন এখন আর একটি দিনও চলে না। তবে ইন্টারনেটের মাধ্যমে মানুষ যত শক্তিশালী হয়ে উঠছে, ঠিক ততটাই ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণের প্রবণতাও তৈরি হচ্ছে বিভিন্ন দেশের সরকারের মধ্যে। এর আগে বিভিন্ন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখনও সিরিয়াকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। শুধু তাই নয়, ইরান, পাকিস্তানসহ অনেক দেশেই ইন্টারনেট চালু থাকলেও ইন্টারনেটের অনেক কিছুই নিয়ন্ত্রণ করে চলেছে সরকার। এসব নিয়ন্ত্রণের মধ্যে সার্চ জায়ান্ট গুগল’র সার্চ সেবা বা ইমেইল সার্ভিসও বন্ধ করে রাখার উদাহরণ রয়েছে অনেক দেশেই। এর বাইরে ফেসবুক বা সামাজিক যোগাযোগের অন্যান্য প্ল্যাটফর্মের কনটেন্টগুলোও নিয়ন্ত্রণ করার বিষয়ে অনেক রাষ্ট্রই আগ্রহী। উন্মুক্ত ইন্টারনেট এবং ইন্টারনেটের উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বিষয়ে তাই সারা বিশ্বে চলছে নানা ধরনের আলোচনা। এই পরিস্থিতিতেই গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে ১১ দিনের সম্মেলন। ইন্টারনেট রেগুলেশন নিয়ে বিদ্যমান আলোচনার একটি ফলপ্রসূ সমাধান এই সম্মেলনের মাধ্যমেই পাওয়া যাবে বলেই আশা করছেন প্রযুক্তি বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। জাতিসংঘের প্রযুক্তি বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এই সম্মেলনে ইন্টারনেটের উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণের প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে বলে আশংকা করছে গুগল, মাইক্রোসফটসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও। অন্যদিকে আইটিইউ’র পক্ষ থেকে এই ধরনের আশংকাকে নিরর্থক বলে জানানো হয়েছে। তবে প্রযুক্তি বিশ্বের অনেকটাই নির্ভর করছে এই সম্মেলনের উপর।
তরিকুর রহমান সজীব