জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমার ভোট আমি দেবো, লড়াই করে ভোট দেবো। ১০ বছর পর আমি সুযোগ পেয়েছি জনগণের সম্মুখে হাজির হতে নির্বাচনের কারণে।
তিনি বলেন, গত ১০ বছর বাংলাদেশের মানুষের জন্য বেদনাদায়ক অধ্যায়। এ এলাকার বিরোধী দলীয় সকল শ্রেণির মানুষের ওপর নির্মম অত্যাচার, নির্যাতন, হামলা, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী চলছে। এ সব ঘটনা সরকারের মদদে হচ্ছে। এ নির্বাচনী এলাকার অত্যন্ত শান্তিপূর্ণ ও সুনাম ছিল। এখানে রাজনৈতিক চর্চা শান্তিপূর্ণ ছিল। আ’লীগ সরকারের ১০ বছরের শাসনামলে সব শেষ হয়ে গেছে। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই, সুন্দর পরিবেশ চাই।
ব্যারিস্টার মওদুদ আরও বলেন, এলাকার মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবে। সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। এ জোয়ার কেউ ঠেকাতে পারবে না। এ জোয়ার অব্যাহত রাখতে হবে। ধানের শীষ প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক। আমাদের দাবি বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি। কারো শক্তি ও সাহস নেই এবার দেশের নারী ও পুরুষদের দাবিয়ে রাখতে পারে। তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো ভয়-ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। আগামী ৩০শে ডিসেম্বর ভোট বিপ্লব ঘটবে।
তিনি বলেন, গত ১০ বছরে এ সরকারের অপশাসন দুঃশাসনের অবসান ঘটবে। আইনের শাসনের পরিবর্তে দলীয় শাসন চলছে। আমরা আাগমী নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনবো।
তিনি সোমবার দুপুর ১২টায় তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট নতুন বাসস্ট্যান্ডে পৌঁছুলে হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্ত্থনা জানান। তিনি নেতাকর্মীদের নিয়ে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাওয়ার পথে বসুরহাটের করালিয়া রোডে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকানে আলম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্যাহ মানিক, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোঃ নোমান, বিএনপি নেতা বেলায়েত হোসেন বেলাল, বসুরহাট পৌরসভা যুবদলের সভাপতি শওকত হোসেন সগির প্রমুখ। এর পর মওদুদ নোয়াখালী- ৫ আসনের কবিরহাট উপজেলায় কবিরহাট বাজারে নেতাকর্মীদেরকে সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অপরদিকে ব্যারিস্টার মওদুদ আহমদের আগমনকে কেন্দ্র করে রবিবার রাত থেকে এলাকায় পুলিশ ব্যাপক অভিযান চালায়। রবিবার রাতে বসুরহাট পৌরসভা ছাত্রদলের সভাপতি ওবায়দুল হক রাফেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে নোয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/নূহু