ঢাকায় ওয়াইম্যাক্স ফোরামের প্রেসিডেন্ট
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ১৮:৫১
বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ওয়াইম্যাক্সের ধারক ওয়াইম্যাক্স ফোরামের প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে। বাংলাদেশের বর্তমান তথ্য-প্রযুক্তিগত উন্নয়ন অগ্রসরতায় ওয়াইম্যাক্স ফোরামের প্রেসিডেন্ট অত্যন্ত মুগ্ধ ও আনন্দিত। ওয়াইম্যাক্স ফোরামের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান এই ফোরামের কার্যাদি ও বাংলাদেশে ইন্টারনেট সেবার আরও উন্নয়নে তাদের কার্যসম্পর্ক ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করতে গতকাল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওয়াইম্যাক্স ফোরামের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাকৌরী, প্রেসিডেন্ট ডিকলেন বায়ার্ন, দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক, কমোডোর (অব.) শ্যাম কৌশাল, বাংলাদেশে ওয়াইম্যাক্স ফোরামের সদস্য প্রতিষ্ঠান বাংলালায়ন কমিউনিকেশন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার নেইল গ্রাহাম, চিফ মার্কেটিং অফিসার (ভারপ্রাপ্ত) জিএম ফারুক খান, চিফ অব অ্যাডমিন, মেজর (অব.) আবুল কালাম আজাদ, পরিচালক, নিউ বিজনেস ও ভাস, আজহার এইচ চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনের পূর্বে প্রতিনিধি দলটি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সৈয়দ আবদাল আহমদসহ অন্যান্য সদস্যবৃন্দের এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।