লেনোভোর বাজারজাত করবে ফ্লোরা

লেনোভোর সর্বশেষ প্রযুক্তি পণ্যগুলো এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাবে আরও সহজে। শুধুমাত্র থাকরাল ইনফরমেশন সিস্টেমস এতদিন লেনোভো ল্যাপটপ এবং ডেক্সটপ বাংলাদেশে বাজারজাত করে এসেছে। বাংলাদেশের ক্রমবর্ধমান প্রযুক্তি বাজারের চাহিদাকে মাথায় রেখে ফ্লোরা লিমিটেড যুক্ত হয়েছে লেনোভোর বাজারজাতকরণে। গত ৬ ডিসেম্বর দুপুরে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লেনোভো ভারতের সাবরিজিওনাল জেনারেল ম্যানেজার অদিতি গাঙ্গুলী জানান, লেনোভো বাংলাদেশের আইটি মার্কেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মনে করে এবং তাদের চাহিদার কথা বিবেচনায় রেখে তারা এ অঞ্চলে তাদের কার্যক্রম আরও জোরদার করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থাকরাল ইনফরমেশন সিস্টেমস-এর সিইও শাহজামান মজুমদার বীরপ্রতীক এবং ফ্লোরা লিমিটেডের এমডি মুস্তফা শামসুল ইসলাম। সম্মেলনে লেনোভো কর্তৃপক্ষ জানান, প্রযুক্তির অগ্রগতির দৌড়ে লেনোভো বিশ্বব্যাপী অগ্রপথিক। স্মার্ট ফোন, ট্যাবলেট, আল্ট্রাবুক, অল ইন ওয়ান পিসি এসবই এখন কম্পিউটিং প্রযুক্তির অধুনা ক্রেজ। লেনোভো গ্রাহকের এসব চাহিদাকে মাথায় রেখে বাজারে এনেছে আলট্রা লাইট, আলট্রা স্টাইলিস্ট এবং আলট্রা স্মার্ট এই তিন ধরনের আলট্রাবুক। আলট্রাবুক পুরোটাই অ্যালুমিনিয়াম বডিতে তৈরি যার ব্যাটারি ব্যাকআপ থাকবে দীর্ঘ ৮ ঘণ্টা। এ ছাড়া লেনোভো এনহানসড্্ স্পিড, র্যাপিড বুট টেকনোলজি, এসএসডির ব্যবহার, বুটশিল্ড, ওয়ান কি রেসকিউ সিস্টেম, সম্পূর্ণ এইচডি ডিসপ্লে এসবতো রয়েছেই। তারা আরও জানান, লেনোভোর নতুন পণ্যের তালিকায় আরও রয়েছে ইউ, জেড, এস এবং জি সিরিজের ল্যাপটপ। গেমার, মাল্টিমিডিয়া প্রফেশনাল, গ্রাফিক প্রফেশনাল, হোম ইউজার এবং বড় ও মাঝারী বিজনেস প্রতিষ্ঠানের কাজের ভলিউমের কথা বিবেচনায় রেখে লেনোভো তাদের পন্যগুলোকে বাজারে আরও সহজলভ্য করছে। লেনোভো তাদের বিক্রয় পরবর্তী সেবাকে আরও গ্রাহক উপযোগী করতে বদ্ধ পরিকর। লেনোভোকে আরও গ্রাহকের কাছে পৌঁছে দিতে তারা তাদের বিক্রয় চ্যানেলকে আরও শক্তিশালী করবে।