নিজস্ব ভিডিও শেয়ারিং সাইট চালু করল ইরান

এর আগে বিভিন্ন ইস্যুতে ইউটিউব বন্ধ রাখা হয় ইরানে। শুধু ইউটিউব নয়, গুগল’র বেশ কয়েকটি সার্ভিস বিভিন্ন সময়ে বন্ধ রাখা হয়েছে ইরানে। এসব সেবা বন্ধ রাখার পাশাপাশি ইরান নিজস্ব তত্ত্বাবধানে বিভিন্ন ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছে ইরান সরকার। বিশ্বব্যাপী যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালু রয়েছে, তার বাইরে তারা নিজস্ব একটি ইন্ট্রানেট চালু করার পরিকল্পনা নিয়ে রেখেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের একটি ধাপ হিসেবেই এবারে নিজস্ব ভিডিও শেয়ারিং সাইট চালু করেছে ইরান। পারস্য ভাষাভাষীদের জন্যই এই সাইট চালু করা হয়েছে। ‘মেহের’ নামের এই ওয়েবসাইটে ইরানের সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পারস্য ভাষায় ‘মেহের’ শব্দের অর্থ স্নেহ। এএফপি’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই ভিডিও শেয়ারিং সাইটটি গুগল’র ইউটিউবসহ অন্যান্য যেসব ভিডিও শেয়ারিং সাইট রয়েছে, সেগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে এই সাইটে কেবল ইরান সরকারের অনুমোদিত ভিডিও প্রদর্শন করা হবে বলেই ধারণা করেছে পিসিম্যাগ। তাদের একটি প্রতিবেদনে এই ধারণা প্রকাশ করা হয়। নতুন এই সাইট সম্পর্কে ইরানের ব্রডকাস্টিং ডেপুটি চিফ লুতফুল্লাহ সিয়াখালি জানিয়েছেন, ‘এখন থেকে জনগণ তাদের নিজেদের তৈরি শর্ট ফিল্মগুলো আপলোড করতে পারবেন এখানে। পাশাপাশি এখানে ইরান সরকারের তৈরি ভিডিওগুলোও আপলোড করা হবে এখানে।’