স্ক্র্যাচ পড়া সিডি/ডিভিডি থেকে তথ্য উদ্ধারে
সিডি রিকভারি টুলবক্স
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:১১
সিডি বা ডিভিডি ব্যবহার করতে করতে অনেক সময়েই দেখা যায় স্ক্র্যাচ পড়ে গেছে। স্ক্র্যাচ পড়া সিডি বা ডিভিডি নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় কম বেশি সবাইকেই। এসব ডিস্ক কম্পিউটারের সাথে সংযুক্ত সিডি বা ডিভিডি রম সহজে রিড করতে পারে না। এসব ডিস্ক নিয়ে যারা মুশকিলে রয়েছেন, তাদের জন্য রয়েছে কিছু অ্যাপ্লিকেশন। এসব সফটওয়্যার প্রোগ্রাম ব্যবহার করে আপনি আপনার স্ক্র্যাচ পড়া সিডি/ডিভিডিগুলো থেকেও তথ্য উদ্ধার করতে পারেন।
সিডি, ডিভিডি, এইচডি ডিভিডি, ব্লুরে ডিস্ক প্রভৃতি থেকে তথ্য উদ্ধার করার জন্য বিনামূল্যের একটি সফটওয়্যারের নাম সিডি রিকভারি টুলবক্স। শুধু স্ক্র্যাচ পড়াই নয়, সিডি বা ডিভিডি ডিস্কের উপর আঙ্গুলের স্পর্শ বা অন্য কোনো স্পর্শ পড়লে সেটিও অগ্রাহ্য করেই ডিস্ক থেকে তথ্য উদ্ধার করতে সক্ষম এই সিডি রিকভারি টুলবক্স। ডিস্কে সঠিক পদ্ধতিতে তথ্য রাইট না করা হলে সেই সমস্যাতেও সমাধান দিতে পারে এটি। সাধারণভাবে ডিস্কের যেসব তথ্য হারিয়ে গেছে বলেই ধরে নেওয়া হয়, তার প্রায় সব ধরনের তথ্যই আপনার জন্য সংরক্ষণ করে দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে সিডি রিকভারি টুলবক্স।
এই প্রোগ্রামটি ইন্সটল করা থাকলে পিসিতে সিডি বা ডিভিডি ডিস্ক প্রবেশ করালেই এটি ওপেন হবে এবং কোনো তথ্য উদ্ধার করতে হবে কি না, তা জানতে চাইবে। আর অটোরান বন্ধ থাকলে সিডি বা ডিভিডি প্রবেশ করানোর পর এটি চালু করতে হবে। এটি চালু হলেই সিডি বা ডিভিডিতে কী ধরনের তথ্য রাইট করা রয়েছে, তার একটি তালিকা প্রদর্শন করবে নিজে থেকেই। এই তালিকা থেকে আপনি আপনার পছন্দের এক বা একাধিক ফাইল সংরক্ষণ করার জন্য নির্বাচন করতে পারবেন। আবার সবগুলো ফাইলকেই নির্বাচন করতে পারবেন এক ক্লিকেই। পছন্দমতো ফাইল নির্বাচন করা হয়ে গেলে ফাইলগুলো সংরক্ষণ (সেভ) করে রাখার কমান্ড পাবেন উইন্ডোটির নিচেই। এখানে ক্লিক করলেই এটি আপনার ফাইলগুলোকে সংরক্ষণ করতে শুরু করবে। স্ক্র্যাচ বা দাগের পরিমাণের উপর নির্ভর করে এটি প্রয়োজনমতো কম বা বেশি সময় নিতে পারে ফাইলগুলো সংরক্ষণে। আবার ফাইলগুলো যদি অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সবগুলো ফাইল সংরক্ষিত হলেও সেগুলো ঠিকঠাকমতো নাও চলতে পারে। এসব সীমাবদ্ধতা সত্ত্বেও শেষ পর্যন্ত সিডি রিকভারি টুলবক্স হারিয়ে যাওয়া ফাইলগুলো উদ্ধারে কার্যকরী একটি সফটওয়্যার।