গ্যাজেটস

গগল মোগল

ডিম সিদ্ধ করা নিয়ে যারা ঝামেলায় রয়েছেন, তাদের উদ্ধার করার জন্যই বিশেষ এক যন্ত্র তৈরি করেছেন রাশিয়ার একদল গবেষক। ‘কিয়ান’ নামের এই গবেষক দল যে ডিভাইসটি তৈরি করেছেন, তার ডিজাইন করেছেন ইভগেনি মরগালেভ। আর রাশিয়ার ডিমের বিখ্যাত একটি ডিশের নাম অনুযায়ী এর নাম রাখা হয়েছে ‘গগল মোগল’। এর অন্যতম বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে, এর মাদ্যমে দুই মিনিটেই ডিম সিদ্ধ করা যায়। কেবল তাই নয়, ডিম সিদ্ধের জন্য কোনো ধরনের পানিরও প্রয়োজন পড়বে না এই যন্ত্রে। ডিমাকৃতির এই যন্ত্রের বাইরের অংশটি তৈরি করা হয়েছে কাগজের বোর্ড দিয়ে। এর ভেতরে রয়েছে আরও তিনটি স্তর। এর একটি স্তরে রয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি। দ্বিতীয় একটি স্মার্ট লেয়ারে রয়েছে পানি। আর সর্বশেষ লেয়ারটি একটি মেমব্রেন। এই মেমব্রেনটিকে সরিয়ে ফেললেই পানি গিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে পর্যাপ্ত তাপ উত্পাদন করে ও ডিম সিদ্ধ করে ফেলে। আর দুই মিনিটের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়। দুই মিনিট পরে মোগলের উপরের অংশটি খুব সহজেই খুলে ফেলা যায় প্যাকেটের মতো করে। আর খুলেই পাবেন সুসিদ্ধ একটি ডিম।