নারায়ণগঞ্জে এক সপ্তাহে ১৮ লাশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা মামলার বেড়াজালে জর্জরিত। মোটকথা রাজনৈতিক অস্থিরতার মধ্যে নারায়নগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও মারাত্মক অবনতি ঘটেছে। রাতে পুলিশ ফাঁড়িতে দেখা গেলেও দিনের আলোতে দেখা যায় রাস্তার পাশে তার লাশ পড়ে আছে। তাও গুলিবিদ্ধ। আবার ঘাতক যানবাহন কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। কর্মস্থলে দুর্ঘটনায় পড়ে নিহত হচ্ছে শ্রমিক। মাত্র ৭দিনের ব্যবধানে ১৮টি লাশ দেখেছে নারায়ণগঞ্জবাসী। স্বজন হারানোদের আহাজারিতে স্ব স্ব এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হওয়াতে উদ্বিগ্ন সচেতন নাগরিকরা।

সূত্রমতে, গত বৃহস্পতিবার শুধু সিদ্ধিরগঞ্জেই ঝরে পড়েছে ৪টি তাজা প্রাণ। এরমধ্যে সকালে জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। লাশের টুকরোগুলো দেখে বুঝার উপায় নেই কীভাবে তার মৃত্যু হয়েছে। একইদিন বিকেল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার খলিল মিয়ার বাসা থেকে লায়লা আক্তার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন ছিলো। ধারণা করা হচ্ছে- শ্বাসরোধে গৃহবধূকে হত্যা করা হয়েছে।  ওই দিন দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে নিজের পরনের ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মরিয়ম (১৬) নামের এক স্কুলছাত্রী। আত্মহত্যার আগে চিরকুটে রাতুলের প্রেমে ব্যর্থ হয়ে সে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করেছে সে। অপরদিকে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাশিল এলাকার তেল ব্যবসায়ী আনোয়ার হোসেন মেহেদির বাড়ির পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার ফতুল্লায় চাকদা রি-রোলিং মিলে চুল্লি বিস্ফোরণে বাবুল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। দগ্ধ হয় আরো চার শ্রমিক। একই দিন ফতুল্লার বিসিকে ফেইম এ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকিউল হোসেন জাকির (২৬) নামের শ্রমিকের আকস্মিক মৃত্যু হয়। এ ঘটনায় সহকর্মী শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিয়ে ১০-১২টি কারখানায় ভাঙচুর চালায়। গত মঙ্গলবার সোনারগাঁ উপজেলায় ভুল চিকিৎসায় ১৫ মাসের শিশু ছোঁয়া মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় নতুন সেবা নামে একটি ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করে। 

আরও পড়ুন: সাকা চৌধুরীর রায় ফাঁস: ফখরুলের দণ্ড স্থগিতের আবেদন খারিজ

গত সোমবার রাত পৌনে ১১ টার দিকে শহরের গলাচিপা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে  ১০ বছরের এক পথ শিশু মারা যায়। রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারে পাঁচরুখী ঘিদিরপাড়া নামক স্থান থেকে ৪ ব্যক্তি লাশ উদ্ধার করে পুলিশ। তারা হলেন- লুৎফর রহমান মোল্লা, ফারুক, জহিরুল ইসলাম, ও সবুজ সরদার। তাদের মধ্যে ৩ জনের মাথায় গুলির চিহ্ন ছিল। একজনকে মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এরমধ্যে লুৎফর রহমান মোল্লার বাড়ি ফরিদপুরে। আর বাকিরা পাবনার আতাইকুলা এলাকার বাসিন্দা। ডিবি পরিচয়ে তাদের তুলে নেয়া হয়েছিল।  রূপগঞ্জের ভুলতা ফাঁড়িতে ফারুকের স্ত্রী তাসলিমা লাশ পাওয়ার আগের দিন রাতে স্বামীকে খাবারও দিয়ে এসেছিল। এ ঘটনায় যদিও ঢাকার ডিআইজি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। একইদিন সকালে রূপগঞ্জে টেকরারটেক এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম ছিল।

গত বুধবার বন্দরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার আটগাও এলাকার মৃত কফিল উদ্দিন মিয়ার ছেলে ওয়াহিদ আলী (৫০) ও ডেমরা সারুলিয়া ডগাইর এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে আবুল কালাম (৪০) মারা যায়।

গত সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি কভার্ডভ্যানের (ঢাকা মেট্টো-ট-২২-৪০৭৬) চাপায় মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধ মারা যায়। একই দিন সিদ্ধিরগঞ্জের সাইনবোড এলাকায় প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় তাহমিনা কাজী (৩৪) নামে এক অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে আত্মীয়-স্বজনরা হাসপাতালে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করলে দায়িত্বরত চিকিৎসক ও স্টাফরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত রবিবার সকাল ৯টার দিকে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের টেকপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেনের মেয়ে জুঁই আক্তার (৩) বাড়ির পাশে খেলতে গেলে অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু মুক্তিপণের টাকা না পেয়ে জুইকে হত্যা করে অপহরণকারীরা। পরে ১৯ নভেম্বর সকালে আনোয়ার হোসেনের বাড়ির পাশে হাত-পা বাধা মুখে স্কসটেপ পেঁচানো বস্তাবন্দী অবস্থায় শিশু জুঁইয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

ইত্তেফাক/বিএএফ