কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় যাত্রীবাহী চলন্ত আরেক বাস পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বিল্লাল হোসেন (৪০) এক যাত্রী নিহত হয়। আহত হন আরও দশ জন। সোমবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া-কলাগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার দীঘলিরপাড় গ্রামের আবুল হোসেন এর ছেলে। তিনি ব্র্যাক এনজিও ঢাকা অফিসে কর্মরত ছিলেন।
আহতরা হলেন, মাগুরা জেলার সদর উপজেলার ইমরুল (২৫), কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটে কর্মরত আউলিয়া খাতুন বন্যা (৪৫), মোবারক হোসেন (৩৮), আমেনা খাতুন (৬০) সহ আরও অন্তত ছয় জন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল কোচ এসি বাসকে (ঢাকা মেট্রো-ব-১১-২৫০৪) পেছন থেকে ধাক্কা দেয় হিমাচল পরিবহনের আরেকটি বাস। এ সময় রয়েল কোচের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পানিতে পড়ে যায়। এতে রয়েল কোচের এক যাত্রী নিহত, ৭ যাত্রী আহতসহ হিমাচল পরিবহনের ৩জন যাত্রী আহত হন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়গঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপর পানি থেকে রয়েল কোচের বাসটি উদ্ধার করা হয়েছে এবং হিমাচল পরিবাহনের বাসটিও আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু