রাউটার ইউনিট ‘লিংকসিস’ বিক্রি করে দিচ্ছে সিসকো!

নেটওয়ার্কিং পণ্য উত্পাদনে বিশ্বে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নাম সিসকো। বিশ্বব্যাপী সকলে এক নামেই চেনেন সিসকোকে। আর তাদের তৈরি রাউটারগুলোও সারা বিশ্বেই সেরা বলেই বিবেচিত। হোম রাউটার তৈরির জন্যই তারা ২০০৩ সালে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয় লিংকসিস। তবে খবরে প্রকাশ, এবারে হোম রাউটার তৈরির ইউনিট লিংকসিস বিক্রি করে দিতে যাচ্ছে সিসকো। আর এর জন্য ক্রেতা খোঁজার কাজটিও পুরোদমেই চলছে। আর তার জন্য ভাড়া করা হয়েছে বারক্লেকে। প্রযুক্তি বিশ্বের অনেক প্রতিষ্ঠানের কেনাবেচার সাথে সংশ্লিষ্ট বারক্লে। এবার তাদের মাধ্যমেই লিংকসিস ইউনিট বিক্রি করতে যাচ্ছে সিসকো। সিসকোর এই সিদ্ধান্ত অবশ্য প্রযুক্তি বিশ্লেষকদের কাছে খুব বেশি চমক নিয়ে আসেনি। কেননা, এর আগেই সিসকো ভোক্তা পর্যায়ের পণ্য ও সেবার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন তারা অনেক বেশি প্রাতিষ্ঠানিক পণ্য ও সেবার দিকে ঝুঁকে পড়েছে। চলতি বছরেই তারা ফ্লিপ পকেট ভিডিও ক্যামেরার উত্পাদন বন্ধ করে দেয়। লিংকসিস ইউনিট বিক্রি করে দেওয়াকে এরই ধারাবাহিকতা হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।