শুরু হলো ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২

‘Be the change, start green now’ স্লোগানকে সামনে রেখে গতকাল এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে শুরু হলো ৬ দিনব্যাপী ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২’। মেলার উদ্বোধন করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, অ্যাসোসিও’র সভাপতি আব্দুল্লাহ এইচ কাফী, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ খান, কিউবি’র সিইও ফায়সাল হায়দার, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহাম্মদ খান, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এসএ কাদের কিরণ, বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির সভাপতি মোতাহার হোসেন মুক্তা, এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি মো. আমির হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার বক্তব্যে বলেন, ‘দেশকে সামনে এগিয়ে নিতে ব্র্যান্ডিং ভীষণ জরুরি। প্রধানমন্ত্রী সেজন্য ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ও ভিশন ২০২০ ঘোষণা করেছেন। বাংলাদেশের একটি নতুন পরিচয় দাঁড় করাতে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত ও ব্যবসায়ীদের ভূমিকা রাখতে হবে।’ এ মেলা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে এবং পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার আহ্বায়ক তৌফিক এহেসান। অনুষ্ঠান পরিচালনা করেন মেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার ও তাসলিমা মিজি। এটি এ মেলার ৬ষ্ঠ আয়োজন। মেলার গোল্ড স্পন্সর ওয়্যারলেস ব্রডব্যান্ড সাপোর্ট প্রোভাইডার কিউবি। স্পন্সর হিসেবে আরও রয়েছে, আসুস, গিগাবাইট, বুলগার্ড, লজিটেক, ফুজিত্সু ও টিপি-লিংক। মাল্টিপ্ল্যান সেন্টারের ৩য় থেকে ১০ম তলা পর্যন্ত ৯৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে এ মার্কেটে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি পণ্যকে দেশের আইটি প্রেমী গ্রাহকের কাছে সুলভ মূল্যে পৌছে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন মেলার আয়োজকরা।