টুপ-টুপ টুপ-টাপ কান পেতে চুপচাপ
আগমনি গান তার
শুনছি,
শিশিরের কলতান মাঠে মাঠে সোনাধান
আর ক’টা দিন নখে
গুনছি।
হাটে-হাটে কী বাহার আনাজের সমাহার
সরিষার ফুল ছুঁয়ে
হাসছি,
খেজুরের রসে হাঁড়ি গাছে বাঁধা সারিসারি
চোখ মুদে সেই সুখে
ভাসছি।
পিঠা-পুলি উত্সব সুখী সুখী শৈশব
পায়েসের স্বাদ নিতে
চাচ্ছি,
এল-এল অঘ্রাণ নেচে ওঠে মন-প্রাণ
আহা! তার সুঘ্রাণ
পাচ্ছি।