বসতবসতি

বসার ঘরের হাবভাব

অতিথির প্রথম পা শুরুতেই পড়ে ড্রয়িংরুমে এবং সম্বোধনের শুরুতেই আপনাকে বলতে হয়—প্লিজ বসুন। তাই আপনার ঘরের সৌন্দর্যের অনেকখানি নির্ভর করে আপনার ঘরের বসার আসবাবপত্রের উপর। এ থেকেই বেরিয়ে আসে আপনার রুচিবোধের আসল সংজ্ঞা। তাই আপনার ঘরের বসার ব্যবস্থাপনা নিয়ে আমাদের এবারের আয়োজনে লিখেছেন সাইফুল ইসলাম জুয়েল আপনার ঘরে বসার ব্যবস্থাই বলে দিতে পারে আপনার রুচি, পছন্দ-অপছন্দ, আপনার জীবনের চিত্রটা। আর যে জিনিসটা এতকিছু বক্তব্য এক মুহূর্তে ব্যক্ত করতে পারে সে জিনিসটাকে নিশ্চয়ই অবহেলা করা উচিত নয়। তাই যত্ন নিয়েই সাজান আপনার বসার ঘরের ব্যবস্থা। তবে কোনো আসবাবপত্র কেনার আগে নিজের জীবন ধরনটা কেমন সেটা আগে খেয়াল করে নিন। আর সেই অনুযায়ী ঠিক করে নিন ফার্নিচার স্টাইল ও সিটিং জোন। আপনার বাড়িতে হয়তো সারাক্ষণই বন্ধুদের আনোগোনা লেগে থাকে এবং গভীর রাত পর্যন্ত জমিয়ে আড্ডা চলে, কখনো বা চলে গানের আসর, সাহিত্যচর্চা কিংবা চায়ের কাপে চুমুক দিতে দিতে রাজনীতির আলাপ। আর এ সবই হয় আপনার এই বসার ঘরে। আর এ রকম একটি স্থানের আসবাবপত্র সিলেকশন তো একটু চিন্তা-ভাবনা করেই করতে হবে! কিন্তু সেই চিন্তা-ভাবনার শুরুটা কোত্থেকে করবেন? অবশ্যই আপনার বসার ঘরের জায়গার উপরেই পুরো সিটিং অ্যারেঞ্জমেন্টা নির্ভর করবে। আপনার বসার ঘরে যদি জায়গা কম হয়ে থাকে তাহলে একগাদা আসবাবপত্র দিয়ে সেই জায়গাটাকে আরও ছোট করে ফেলবেন না। বরং সে ক্ষেত্রে কয়েকটা ছোট ছোট নিচু চৌকি অথবা মোড়া রাখতে পারেন। যখন প্রয়োজন পড়বে তখন একটি ফ্লেক্সিবল টেবিল নিয়ে আসুন। কিংবা আরও একটা কাজ করতে পারেন। এতে খরচও খুবই কম আবার মাটির কাছাকাছি থাকারও একটা ফিল পাবেন। আপনার পছন্দের কালারফুল দড়ি অথবা একবারে সাদামাটা মাদুর কিংবা শীতলপাটি পেতে দিন। তার উপরে রেখে দিন বেশ কিছু ছোট ছোট কুশন। দেখবেন মাটিতে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। আর যাদের বাড়িতে পর্যাপ্ত জায়গা আছে, তারা কিন্তু পর্যাপ্ত জায়গা আছে বলে যেমন তেমন ফার্নিচার দিয়ে জায়গাটা ভরিয়ে ফেলবেন না। অতিরিক্ত জায়গা থাকলে তাকে দুটি আলাদা সিটিং জোনো বিভক্ত করে ফেলতে পারেন। একদিকে রাখুন সাধারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট। সেখানে রাখতে পারেন নানা রকম কাঠের সোফা অথবা চেয়ার। আপনার পছন্দের উপরেই নির্ভর করবে সেগুলো লো লায়িং নাকি নর্মাল হাইটের হবে। কারণ বড় জায়গার ক্ষেত্রে এটা চিন্তার কোনো কারণ নয়। অন্য একটি জোনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করুন একবারেই ইনফর্মাল।, যেখানে বসিয়ে কাটিয়ে দেওয়া যাবে আপনার পরিবার বা বন্ধুদের সাথে আনন্দঘন মুহূর্তগুলো। সেখানে রাখতে পারেন বেতের মোড়া অথবা দড়ির চেয়ার কিংবা মাটিতে দড়ি বা মাদুরের উপরে ঢালাও বসার ব্যবস্থা। পুরোনো সব আসবাবপত্র বদলে ফেলতে বলছি না। পুরোনোর সঙ্গেই নতুন কিছু মিশিয়ে বানিয়ে ফেলুন আপনার বসার ঘরের নতুন সিটিং অ্যারেঞ্জমেন্ট। এক্সপার্ট অ্যাডভাইস অন্দর মহলে যদি জায়গার কোনো অভাব না থাকে এবং সে অর্থে সীমিত বাজেটেও যদি না হয় তাহলে ল্যাভিস ইন্টেরিয়র ডেকর অনায়াসেই প্ল্যান করা যায়। তবে ল্যাভিস ইন্টেরিয়র ডেকর প্ল্যান করার সময় অবশ্যই খেয়াল রাখবেন লাউঞ্জের ল্যাভিস ইন্টেরিয়র যেমন হবে, বাড়ির ল্যাভিস ইন্টেরিয়র অবশ্যই এক হবে না। নানা রকম এক্সপেরিমেন্ট তো করতেই পারেন সেই সাথে একটু সাহসী আইডিয়াও ট্রাই করে দেখতে পারেন। গাঢ় ওয়াল কালার তো ব্যবহার করা যায়ই, তার সঙ্গে ইউরোপিয়ান ওয়ালনাট বা এবনির মতো কাচও ব্যবহার করা যেতে পারে। ডার্ক উডের প্যানেল ওয়ালও ব্যবহার করতে পারেন। বড় স্পেসে লাইটিং নিয়েও নানা এক্সপেরিমেন্ট করা সম্ভব।