রূপকড়চা
ত্বক ও চুলের এক্সট্রা কেয়ার
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ১৭:০৯
দেশে বিউটি পার্লার বা স্যালনের সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। অলিতেগলিতে ব্যাঙের ছাতার মতো এসব সৌন্দর্যচর্চা কেন্দ্র গড়ে উঠছে রাতারাতি। কিন্তু সেবার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিউটি ট্রেনিং সেন্টারের সংখ্যাও হাতে গোনা। তাই তৈরি হচ্ছে না দক্ষ বিউটিশিয়ান। ফলে সৌন্দর্যচর্চা হচ্ছে ঠিকই কিন্তু হচ্ছে না সৌন্দর্যের সঠিক চর্চা। এ অবস্থায় জায়ান্ট ব্র্যান্ড ইউনিলিভার বাংলাদেশের আয়োজনে হয়ে গেল তিন দিনব্যাপী এক বিউটি ট্রেনিং সেশন। ঢাকার গুলশানের লেক শোর হোটেলে বসেছিল সৌন্দর্যের এই মহাযজ্ঞ। গত ২৩ থেকে ২৫ জুলাই প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ট্রেনিং। ইউনিলিভারের এই আয়োজনে অংশগ্রহণ করেছিল প্রায় দেড় শতাধিক নারী এবং পুরুষ। দেশের নামিদামী পার্লার এবং স্যালনগুলোর কর্ণধার এবং সেবাকর্মীরাই ছিলেন এই ট্রেনিং সেশনের তালিকায়। ট্রেনারদের তালিকাও ছিল বেশ আকর্ষণীয়। ট্রেনাররা এসেছিলেন সুদূর শ্রীলঙ্কা থেকে। বিখ্যাত লঙ্কান ট্রেনিং ইনস্টিটিউট রামানি ফার্নেন্দোর সানসিল্ক হেয়ার অ্যান্ড বিউটি একাডেমি থেকে এসেছিলেন ৫ জন বিশেষজ্ঞের একটি দল। বিউটি এবং হেয়ার নিয়ে এদের প্রত্যেকেরই রয়েছে বিশেষায়ন। বিউটি ট্রেনিংয়ের এই আয়োজন নিয়ে কথা হলো ইউনিলিভারের মার্কেটিং ম্যানেজার মাহতাব হাসানের সাথে, ‘রামানি ফার্নান্দোর বিশেষজ্ঞ এই দল ত্বক ও চুলের পরিচর্যাসহ স্টাইলিং নিয়ে বহুদিন ধরে কাজ করছে। আমরা চাই দেশীয় পার্লার এবং স্যালনগুলোর সেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে। মূলত এ লক্ষ্যেই আমাদের এই আয়োজন। সেই সাথে আমরা জানিয়ে দিচ্ছি সৌন্দর্যচর্চায় সানসিল্ক, পন্ডস্, ক্লিয়ার বা ভ্যাসলিনের মতো ব্র্যান্ডের প্রোডাক্টের সঠিক ব্যবহার।’ ট্রেনিং সেশনের প্রথম দিনের পুরো আয়োজনকে সাজানো হয় তিনটি পর্বে। প্রথম পর্ব ছিল স্কিন কেয়ার এবং পার্সোনাল হাইজিন বিষয়ে প্রেজেন্টেশন। ইনস্ট্রাক্টর মেরিনা এতে শেখান ত্বকের বেসিক যত্নের টুকিটাকি। ছিল ফেসিয়ালের উপর ট্রেনিং। ডিটক্স, লিফ্ট ডিফেন্স আর পিলিং, ফেসিয়াল ছিল প্রশিক্ষণের তালিকায়। ঠিক একই সময়ে হোটেলের সমাধান হলে চলছিল ইনস্ট্রাক্টর দিলহারার হেয়ার স্টাইলিং সেশন। ফার্স্ট লেডির হেয়ার স্টাইল করা এই হেয়ার ড্রেসারের রয়েছে ২০ বছরের কাজের অভিজ্ঞতা। তাই তার সেশনটিও লুফে নিলেন ট্রেনিংয়ে অংশগ্রহণকারীরা। অন্য একটি হলে কাজ করছিলেন হেয়ার স্টাইলিস্ট কামাল, সৌন্দর্যচর্চায় প্রায় দুই যুগের অভিজ্ঞতা সম্পন্ন কামাল ছেলেদের চুলের নানা কাট দেখাচ্ছিলেন এর মধ্যে ছিল ক্লিপার কাট, স্পাইকি কাট এবং লেয়ার কাট। ট্রেনিং শেষে ছিল প্রোডাক্ট নিয়ে আলোচনা। অংশগ্রহণকারীরা প্রশ্ন করার সুযোগ পান এ অংশে। আলোচনায় উঠে আসে সৌন্দর্যচর্চার নানা দিক। আয়োজনের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ে। ট্রেনিং শুরু হয় দিলহারার হেয়ার স্টাইলিং দিয়ে। ছিল মেকআপ ট্রেনিং সেশনও। সেখানে একে একে দেখানো হয় ব্রাইডাল, ডে, ইভিনিং এবং স্মোকি মেকআপ। একই সাথে হোটেলের অন্য একটি হলে কামাল দেখাচ্ছিলেন মেয়েদের নানা ধরনের হেয়ার কাট। ঘণ্টা খানেক পর হোটেলের আলাপ মিটিং রুমে উঁকি দিয়ে দেখা গেল চলছে জেন্টস ট্রেনিং সেশন। ইনস্ট্রাক্টর মেরিনা শেখাছেন জেন্টস স্কিন কেয়ার এবং ফেসিয়ালের খুঁটিনাটি। আয়োজনের শেষ দিনেও ছিল যথারীতি বিউটি এবং হেয়ার স্টাইলিং নিয়ে নানা ধরনের প্রশিক্ষণ। ট্রেনিংয়ের ফাঁকেই কথা হলো রামানি ফার্নেন্দো ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর লাকি লেনাগালার সাথে। ‘ট্রেনিংয়ের প্রতিটি সেশনে দারুণ মনোযোগী সবাই। প্রতিটি সেশন শেষে অনেক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। খুব ভালো লাগছে এখানে এসে,’ এমনটাই বললেন তিনি। ট্রেনিংয়ে আসা স্যালন ডি-৫-এর সেবাকর্মী আসলাম বললেন, ‘এদের ম্যাসাজ টেকনিকগুলো খুব ভালো। ট্রেনিং শেষে নতুন অনেক কিছু যোগ হলো অভিজ্ঞতার ঝুলিতে।’ ট্রেনিংয়ের প্রতিটি সেশন শেষে ছিল লাইভ প্র্যাকটিস সেশন। শুধু বিউটিফিকেশনই নয়, পার্লার এবং স্যালন ম্যানেজমেন্ট নিয়েও ছিল ছোট আকারের ট্রেনিং সেশন। ইউনিলিভার বাংলাদেশের ব্যতিক্রমধর্মী এই আয়োজনের শেষ দিনে ছিল সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান।