ভাঙ্গছে বগুড়া জেলা বিএনপি

বগুড়া জেলা বিএনপিতে ভাঙ্গন দেখা দিয়েছে। দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল গুলো এখন আসছে প্রকাশ্যে। দীর্ঘদিন পর মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটি গঠনে সাধারণ সভা আহ্বান করা হলেও তা বর্জন করেন অনেক সিনিয়র নেতাবৃন্দ। এমনকি তারা পাল্টা সভা করার চেষ্টা করছেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
 
এদিকে ৮ বছর ধরে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসা সাইফুল ইসলাম ও জয়নাল আবেদীন চাঁন শেষ পর্যন্ত বগুড়া জেলা বিএনপিতে নিজেদের কর্তৃত্ব ধরে রাখলেন। সোমবার দলের জেলা শাখার নির্বাহী কমিটির সাধারণ সভায় বিলুপ্ত জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়।

সোমবার দুপুরের সাধারণ সভায় দলের সিনিয়র নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, অপর উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সহ সভাপতিদের মধ্যে ফজলুল বারী তালুকদার বেলাল, আহসানুল তৈয়ব জাকির, মতিউর রহমান মতি, আলী আসগর তালুকদার হেনা, মঞ্জুরুল হক মঞ্জু, অ্যাডভোকেট রাফি পান্না, এরফানুর রহমান রেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাহিন, তৌহিদুল আলম মামুন, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে খায়রুল বাশার ও আরাফাতুর রহমান আপেলসহ সাবেক সংসদ সদস্যগণ এই সভা বয়কট করেছেন।

পরে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে নির্ধারিত সভায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটিতে যথাক্রমে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের পরবর্তীতে যুক্ত করা হবে বলে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে জেলা বিএনপি নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা বলেন, আমরা সিনিয়র নেতৃবৃন্দ বসে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

নতুন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, কেন্দ্রীয় কমিটি দুই সপ্তাহের মধ্যে জেলার আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক সোমবার সভা করা হয়েছে।
 
সিনিয়র নেতাদের সভা বয়কটের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কেউ সভা বয়কট করেছে এমনটি আমার জানা নেই। পূর্ণাঙ্গ কমিটিতে দলের ত্যাগী নেতাদের জায়গা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। 

এদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার সভা বয়কটের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিনিয়র কোনো নেতা বা সাবেক সংসদ সদস্যদের মধ্যে একমাত্র অ্যাডভোকেট হাফিজুর রহমান ছাড়া ওই সভায় কেউ উপস্থিত হননি। তারা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে এসে সভায় বসে একটি মনগড়া কমিটির ঘোষণা দিয়েছে। এর বিপরীতে সিনিয়র নেতারা বসে আজ-কালের মধ্যে নতুন কমিটি ঘোষণা দেবেন।

আরও পড়ুন: নড়াইলে সেই ৪ চিকিৎসক ওএসডি

উল্লেখ্য, প্রায় ৮ বছর আগে ২০১১ সালের ৭ এপ্রিল বগুড়া জেলা বিএনপির সম্মেলন হয়। সম্মেলনে সাইফুল ইসলাম ও জয়নাল আবেদীন চাঁনকে যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। তার প্রায় ৫ মাস পর ২০১২ সালের ২২ জানুয়ারি কেন্দ্র থেকে ১৭২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ বগুড়া জেলা বিএনপির পুনর্গঠনের জন্য ইতিপূর্বে একাধিকবার উদ্যোগ নিলেও তা ভেস্তে যায়। 

ইত্তেফাক/অনি