ডিজিটাল আইসিটি ফেয়ারের সমাপ্তি

নানা আয়োজনের মধ্য দিয়ে গত পরশু শেষ হয়ে গেল রাজধানীর এালিফ্যান্ট রেডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারের ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএস-এর সভাপতি মো. ফয়েজউল্যাহ খান, সাবেক সভাপতি ও পরিচালক মোস্তাফা জব্বার, মুক্তিযুদ্ধকালীন ঢাকা সেক্টরের কমান্ডার সাবেক সংসদ সদস্য ও এলিফ্যান্ট রোড ব্যবসায়ীদের উপদেষ্টা মোস্তফা মহসীন মন্টু এবং প্রদর্শনী ও মাল্টিপ্ল্যান সেন্টার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশে আইসিটি মন্ত্রণালয় থাকলেও এর সমান্তরালে প্রধানমন্ত্রীর অফিসের এটুআই প্রজেক্ট থাকায় এই মন্ত্রণালয় ঠিকমতো কাজ করতে পারছে না।’ এ বিষয়ে সমন্বয় করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সারা দেশে কম্পিউটার ল্যাব তৈরির জন্যও তিনি সরকারের প্রতি আহ্বান জানান। শুরুর ধারবাহিকতা বজায় রেখেই মেলার শেষ দিনেও ছিল ক্রেতা-দর্শকদের ভীড়। এখানে অংশ নেওয়া প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠানই ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের অফার নিয়ে আসায় মেলায় বিক্রির পরিমাণ ছিল সন্তোষজনক। এমনটিই জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারাও এই মেলাতে তাদের পছন্দের পণ্যগুলো স্বল্পমূল্যে কিনতে পেরে খুশি বলেই জানিয়েছে।