ইন্টারনেট সংযোগ নিতে প্রকৃত নাম ব্যবহার করতে হবে চীনে

ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য ফেসবুকের পক্ষ থেকে প্রকৃত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হলেও জার্মান একটি সংস্থার পক্ষ থেকে জার্মানির জন্য এই নির্দেশনা তুলে নিতে বলা হয়েছে। অন্যদিকে চীনে ইন্টারনেট ব্যবহারের জন্য ব্যবহারকারীদের প্রকৃত নাম-ঠিকানা ব্যবহারের জন্য প্রণীত হচ্ছে আইন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া এই খবর জানিয়েছে। জিনহুয়ার প্রকাশিত খবর অনুযায়ী, চীনের ন্যাশনাল পিপল’র কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি ইন্টারনেট সংক্রান্ত একটি নতুন নীতিমালা নিয়ে কাজ করছে। এই নীতিমালা বাস্তবায়িত হলে চীনে ফিক্সড ব্রডব্যান্ড লাইন ব্যবহার করতে চাইলে অথবা মোবাইল ইন্টারনেট সংযোগ নিতে হলেও গ্রাহককে তার প্রকৃত নাম-পরিচয় ব্যবহার করতে হবে। চীনের মাইক্রোব্লগিং সাইট বা সামাজিক যোগাযোগের অন্যান্য সাইটের উপরেও সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ বা প্রকৃত নাম ব্যবহারের বিধিবিধান আরোপিত হতে পারে বলে ধারণা করছেন চীনের ইন্টারনেটের স্বাধীনতা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঝ্যান জিয়াংও এই ধারণা পোষণ করেন।