কুমিল্লায় দুই মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কুমিল্লায় ভাতিজির বিয়ে খেয়ে বাড়ি ফেরার পথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব মানিক (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বিকালে কুমিল্লার কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কের উত্তর ত্রিশ হাজী মনুমিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর আমিননগর এলাকার কাঠ ব্যবসায়ী আবদুল জলিল বেপারীর ছেলে। মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুনঃ রাজশাহী অঞ্চলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস

স্থানীয়রা জানান, দেবিদ্বার কমিউনিটি সেন্টার থেকে ভাতিজির বিয়ে খেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। কোম্পানীগঞ্জ থেকে মুরাদনগর যাওয়ার পথে বিপরীতমুখী মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষে তিনি সড়কের ওপর পড়ে যান। তখন আরেকটি গাড়ি তার মাথা চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে রাজিব মানিকের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী গুরুতর আহত হন।

ইত্তেফাক/নূহু