মার্চেন্ডাইজিংয়ে উচ্চতর শিক্ষা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ১৯:৫৩
বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একটি সম্ভাবনাময় খাত হলো পোশাক শিল্প। বর্তমানে দেশের রফতানি আয়ের সবচেয়ে বড় অংশটি (শতকরা ৮০ ভাগ) আসে তৈরি পোশাক খাত থেকে। আর এই পোশাক শিল্পে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন একজন মার্চেন্ডাইজার। দক্ষ মার্চেন্ডাইজার তৈরির লক্ষ নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্স পরিচালনা করেছে। স্নাতকোত্তর পর্যায়ে এ শিক্ষা কার্যক্রম মার্চেন্ডাইজিং বিষয়ে সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ।
যা শেখানো হয় :প্রফেশনাল এমবিএ করতে শিক্ষার্থীকে ১ম বছরে মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট, ২য় বছরে ব্যবসায় প্রশাসন মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট ও ইন্টার্নি ২ ক্রেডিটসহ মোট ৬২ ক্রেডিটের কোর্স সম্পন্ন করতে হয়। মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিটের মধ্যে যেসব বিষয়সমূহ পড়ানো হয়, তা হলো—সুতা, কাপড়, কাপড়ের রং ছাপা ও ধৌতকরণের নানা পদ্ধতি, এলিমেন্টস অব ডিজাইন, ফ্যাশন মেটারিয়ালস ফর ক্লথিং ইন্ডাস্ট্রি, গার্মেন্টস প্যাটার্ন মেকিং, গার্মেন্টস কনস্ট্রাকশন অ্যান্ড সুইয়িং টেকনোলজি, গ্রেডিং, গার্মেন্টস ক্যাড, ডাইং প্রিন্টিং ওয়াশিং, ল্যাব ডিপ, কাট অ্যান্ড সু নিটওয়্যার ইত্যাদি।
কোর্সের মেয়াদ :এনআইএফটি-তে মাসে ১ সেমিস্টার করে মোট ৪ সেমিস্টার, এই নিয়মে ২ বছরেই কোর্স সমাপ্ত করা হয়। এসএসসি বা এইচএসসি ও ডিগ্রি বা অনার্স পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে স্কলারশিপ দিয়ে টিউশন ফি নির্ধারণ করা হয়। যেসব শিক্ষার্থী নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত থাকবে এবং পরীক্ষায় কৃতকার্য হবে, তাদেরকে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে। চাকরিজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন শিফট ব্যবস্থা। এ ছাড়াও প্রতিটি কোর্সে রয়েছে ফ্যাক্টরি ভিজিট ও ইন্টার্নিশিপের ব্যবস্থা ।
আবেদনের যোগ্যতা :এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা অনার্স সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ-২.৫ থাকতে হবে। যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এ বিষয়ে আরও জানতে কথা বলতে পারেন ০১৭৩১২২০০৯৯, ০১৯৭১০০৯৯৯৯ এই নম্বরগুলোতে।
কর্মক্ষেত্র :আমাদের দেশে রয়েছে এসব ডিগ্রিপ্রাপ্তদের চাকরির বিশাল বাজার। সরকারের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশি-বিদেশি টেক্সটাইল মিল, বিভিন্ন বায়িং অফিস, বুটিক হাউস, ফ্যাশন হাউস, গার্মেন্টস শিল্পে ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে তাদের।
কোথায় পড়বেন :হাতেগোনা দু’একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসব বিষয়ে ডিগ্রি প্রদান করছে। এরমধ্যে অন্যতম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি। আধুনিক ক্যাম্পাস, দক্ষ ফ্যাকাল্টি, উন্নত পরিচালনা পর্ষদসহ সব সুবিধা রয়েছে এনআইএফটিতে। যোগাযোগ : ১৪৬, ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা।