কাজ গুছিয়ে করুন

অফিসে, বাসায় অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায়ই হয়তো আমরা কাজ ঠিকঠাকমতো গুছিয়ে না করতে পারার কারণে বিপদে পড়ি। অথচ আগেভাগেই যদি পরিকল্পনা করে নেন, তাহলে কিন্তু এ ধরনের সমস্যার মুখোমুখি হবেন না। আর তাই যেকোনো দিন শুরুর আগে নিজে থেকে পরিকল্পনা করে নিন। সে অনুযায়ী কাজ করুন। সেজন্যই থাকল আপনাদের জন্য কিছু টিপস। প্রথমেই আপনি একটা ডায়েরি বা নোটবুক তৈরি করে ফেলতে পারেন। যেকোনো ছুটির দিনে বসে ডায়েরিটা তৈরি করে নিন। সেখানে সাপ্তাহিক পরিকল্পনার ছক এঁকে ফেলতে পারেন। যদি অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী কোনো কাজ থাকে, তাহলে সেদিন সন্ধ্যা বিশ্রামের জন্য রাখুন। যেদিন অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানে কাজের চাপ হালকা থাকবে সেদিন নিজের একান্ত ব্যক্তিগত কাজগুলো সেরে নিন। আপনার প্রাতিষ্ঠানিক আর পারিবারিক কাজগুলোকে আলাদা করে নিন। সে অনুযায়ী কাজ ভাগ করে নিন। একসঙ্গে বেশি কাজ করার চেষ্টা করবেন না। হাতের কাজ শেষ না করে আরেকটা শুরু করবেন না। তাহলে কোনো কাজই সুষ্ঠুভাবে হবে না। রাতেই সকালের কাজ গুছিয়ে রাখুন। বাইরে বের হওয়ার সময় কী কী সাথে নিবেন, তা ব্যাগে ভরে নিন। তাহলে তাড়াহুড়োর কারণে কিছু ফেলে যাওয়ার ভয় থাকবে না। বেশি পকেট যুক্ত ব্যাগ কিনতে পারেন। এ ক্ষেত্রে কোনটি কোথায় রাখবেন সেভাবে ভাগ করে নিতে সুবিধা হবে।