তৃতীয় কাজী আজহার আলী সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতা
চ্যাম্পিয়ন হলো বুয়েট, দ্বিতীয় স্থানে ঢাবি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৩০
বাংলাদেশ ইউনিভার্সিটি আয়োজিত তৃতীয় কাজী আজহার আলী সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বুয়েটের ‘চোকার’ দল। দ্বিতীয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘অ্যাংরি বার্ডস’ এবং তৃতীয় স্থান লাভ করেছে বুয়েটের আরেক দল ‘মেরি এনজাম’। গত ৫ জানুয়ারি ঢাকার মোহাম্মদপুরস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এই তৃতীয় কাজী আজহার আলী সার্ক প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট কাজী জামিল আজহার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী প্রোগ্রামারদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর তার প্রেক্ষিতেই আমাদের দেশেও দক্ষ প্রোগ্রামার তৈরি করতেই বাংলাদেশ ইউনিভার্সিটি এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।’ টানা পাঁচ ঘণ্টা চলে প্রতিযোগিতা। এবারে দেশের ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮০টি দলের পাশাপাশি ভারত ও নেপাল থেকে দুইটি দল অংশ নেয় প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় মূল বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কায়কোবাদ। এর পাশাপাশি টেকনিক্যাল টকস, ক্লাউড কম্পিউটিং ইভেন্টস, প্রজেক্ট শোকেসিং প্রভৃতিও ছিল আয়োজনে। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষাবিদ ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি এবং এনপিসি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আনিসুল হক। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে যথাক্রমে এক লাখ, পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক ইত্তেফাক, রেডিও টুডে, বাংলানিউজ ২৪ ডটকম এবং এটিএন রেডিও।