গোসলের সময় ছবি দেখাবে সনির স্মার্টফোন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ১৯:১৯
স্মার্টফোন নিয়ে গবেষণার অন্ত নেই। সময়ের সাথে সাথে স্মার্টফোন যেন পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহূত প্রযুক্তি পণ্যে। চলতি বছরে এসে স্মার্টফোন বিক্রির পরিমাণে নতুন রেকর্ডও হবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। স্মার্টফোনে তাই নতুন নতুন সব চমকজাগানো ফিচার সংযোজনে ব্যস্ত প্রযুক্তি গবেষকরা। এই গবেষণার ফলাফল হিসেবেই এবারে টেক জায়ান্ট সনি তৈরি করেছে ‘এক্সপেরিয়া জেড’ নামের নতুন এক স্মার্টফোন, যেটি গোসলের সময়েও নির্বিঘ্নে ব্যবহার করা যাবে। এমনিতে জাপানে বিভিন্ন স্থানীয় ব্র্যান্ডের পানিরোধী স্মার্টফোন পাওয়া গেলেও বিশ্বব্যাপী জনপ্রিয় স্মার্টফোনের ব্র্যান্ডের মধ্যে পানিরোধী ফিচারটি এখনও দেখা যায়নি। সেই অভাব পূরণ করতেই সনি তাদের জনপ্রিয় এক্সপেরিয়া সিরিজের আওতায় নিয়ে এসেছে এই স্মার্টফোন। পানিরোধী ছাড়াও এতে চমকিত করার মতো সংযোজিত আরেকটি ফিচার হচ্ছে, এর মাধ্যমে এইচডিআর (হাই ডায়নামিক রেঞ্জ) ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে। এর আগে এরিকসনের সাথে যৌথভাবে মোবাইল ফোন অংশটি সনি চালিয়ে গেলেও বছরখানেক হলো সনি একাই দেখভাল করছে মোবাইল ফোন ইউনিট। এবং তারপর থেকেই স্মার্টফোনে নিজেদের বাজার পোক্ত করতেই নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে তারা। এর ধারাবাাহিকতাতেই এবারে আসতে যাচ্ছে এই পানিরোধী ‘এক্সপেরিয়া জেড’। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত এই স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে। সনি জানিয়েছে, পানির নিচে ১ মিটার (৩.৩ ফুট) গভীরেও দিব্যি কাজ করবে এই স্মার্টফোন। সনির মোবাইল এক্সিকিউটিভ স্টিভ ওয়াকার নতুন এই ফোন সম্পর্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আপনি গোসল করার সময়েও যদি আপনার ফোনের মাধ্যমে এইচডি কোনো ভিডিও দেখতে চান, সেই সুযোগ করে দেবে এই এক্সপেরিয়া জেড। আবার আপনার কাপড়টি ময়লা হয়ে গেলে সেটি পরিস্কার সময় এই ফোনটি ভিজে গেলেও আর সমস্যা নেই।’ পানির নিচে ফোনটি হারিয়ে গেলে সেটি খুঁজে বের করতে পারলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই এতে। এর বাইরে এই ফোনে ব্যবহার করা হয়েছে বিশেষ এনএফসি চিপ যার মাধ্যমে সনি টিভি থেকেও যেকোনো কিছু স্ট্রিমিং করা যাবে এই ফোনেই। এতে ব্যবহার করা হয়েছে এনভিডিয়ার সর্বশেষ টেগরা চিপ। ফলে এর পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন উঠবে না বলেই আশা করছে সনি। সনি আশা করছে, এই এক্সপেরিয়া জেডের মাধ্যমে স্মার্টফোনের বাজারে অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হবে তারা।