মাধবপুরে সোলার প্রকল্প উদ্বোধন

মাধবপুরের তেলিয়াপাড়া ফার ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজে সোমবার ১.১ মেগাওয়াট সম্পন্ন রুফটপ সোলার প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী বীর বিক্রম। কেএফডব্লিও ব্যাংকের সহযোগিতায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এ প্রকল্প নির্মাণ করেছে।

এ উপলক্ষে ফার ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজে সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. হেলালউদ্দিন। এ সময় আরো বক্তব্য রাখেন ফার ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আসিফ মঈন, ইডকলের সিইও অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ মালিক প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্প বিষয়ক তথ্য উপস্থাপন করেন প্রকৌশলী মেহেদি হাসান, শাহরিয়ার আহম্মেদ চৌধুরী ও ফারজানা রহমান। উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, ইন্ডাস্ট্রিজে দেশে এটিই বৃহত্ সোলার প্রকল্প।