মার্চেই আয়ু শেষ উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জারের

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণাকে সত্য প্রমাণ করে মাইক্রোসফট গত বছরের নভেম্বরে জানিয়ে দেয়, উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জারকে তারা একীভূত করে দিচ্ছে স্কাইপের সাথে। পর্যায়ক্রমে সকল গ্রাহককে তারা স্কাইপে নিজেদের অ্যাকাউন্ট স্থানান্তর করার আহ্বান জানায়। এবারে উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জারের চূড়ান্ত সময়কাল জানিয়ে দিল তারা। আসছে মার্চের ১৫ তারিখেই চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার। যারা এই সেবা ব্যবহারকার করে চলছেন, তাদের সকলকে আবারও স্কাইপে নিজেদের অ্যাকাউন্ট স্থানান্তর করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি স্কাইপের নতুন সংস্করণ ডাউনলোড করে তাতে অভ্যস্ত হওয়ার পরামর্শও প্রদান করা হয়েছে এক ইমেইলে। উল্লেখ্য, ১৯৯৯ সালে এমএসএন ম্যাসেঞ্জার নামে মাইক্রোসফটের এই লাইভ ম্যাসেঞ্জার প্রথম যাত্রা শুরু করে। এরপর থেকেই জনপ্রিয় হয়ে ওঠে এই প্ল্যাটফর্ম। পর্যায়ক্রমে প্রায় ৩০০ মিলিয়ন ব্যবহারকারী এতে যুক্ত হয়। এদিকে ২০১১ সালের অক্টোবর মাসে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে কিনে নেয় আরেক জনপ্রিয় অ্যাপ্লিকেশন স্কাইপি।