আদমদীঘিতে অপহূত ছাত্রী আশুলিয়ায় উদ্ধার

আদমদীঘি থেকে অপহূত অষ্টম শ্রেণির এক ছাত্রীকে রবিবার ঢাকার আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

আদমদীঘির সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও কাশিপুর গ্রামের মেয়েকে স্কুলে যাতায়াতের সময় সান্দিড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সাদ্দাম হোসেন প্রায়ই প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটি প্রেম প্রত্যাখ্যান করায় সাদ্দাম হোসেন ক্ষিপ্ত হয়। গত ২০ নভেম্বর মেয়েটি প্রাইভেট পড়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তারাপুর মন্দিরের কাছে পৌঁছলে সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। এ ঘটনায় অপহূতার বাবা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহাদেব জানান, রবিবার আশুলিয়ায় এক ব্যক্তির বাসা থেকে অপহূতাকে উদ্ধার করেছে পুলিশ। অপহূতার ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের তত্পরতা চলছে।