নোবিপ্রবিতে মুক্ত সফটওয়্যার কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের (নোবিপ্রবি ওএসএন) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মুক্ত সফটওয়্যার কর্মশালা। গত ১১ ও ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও টেলিযোগাযোগ প্রযুক্তি (সিএসটিই) বিভাগের ল্যাবে দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ব্যাচের জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন ঢাকার ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম সাইফ। দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরির সফটওয়্যার ম্যাজেন্টোর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন ইসলামী ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান। এ ছাড়া একই দিনে ৭ম ব্যাচের জন্য মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু ও বাংলা উইকিপিডিয়া (bn.wikipedia.org) নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন বাংলালায়নের নেটওয়ার্ক প্রকৌশলী অভিজিত্ চৌধুরী। দুই দিনের আয়োজন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন-উত্তর পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সিএসটিই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. বেল্লাল হোসাইন।