সৈয়দপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

সৈয়দপুরে অস্বাস্থ্যকর, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং পচাবাসি খাবার পরিবেশন এবং কম ওজনের বাটখারা রাখার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে এক অভিযানে চালিয়ে ওই জরিমানা করা হয়।

জানা গেছে, জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ আফসানা পারভীনের নেতৃত্বে সৈয়দপুর শহরের মিস্ত্রীপাড়া এলাকায় বাবু ও নেছার হোটেলে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানকারী দলের সদস্যদের উল্লিখিত হোটেল দুটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পচাবাসি খাবার পরিবেশের বিষয়টি পরিলক্ষিত হয়। এতে বাবু হোটেল মালিককে ৫ হাজার এবং নেছার হোটেল মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও শহরে বিমান বন্দর রোডের (ক্যান্টঃ রোড) শাপলা বীজ ঘরে কম ওজনের বাটখারা রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিককে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন— সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক  মোঃ অহিদুল হক, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আলতাফ হোসেন সরকার ও  সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা।