আইফোনের চাহিদা কমছে!
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ১৯:৫৭
২০০৭ সালে প্রথম বাজারে আসার পর থেকেই আইফোন পরিণত হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এক প্রযুক্তি পণ্যে। অ্যাপল’র সর্বকালের অন্যতম সেরা পণ্য হিসেবেও স্বীকৃত আইফোন। সাফল্যের ধারাবাহিকতায় আইফোনের নতুন নতুন সংস্করণ আসছে প্রতি বছরেই। তবে বাজারে অন্যান্য স্মার্টফোনের সরবরাহ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত বোধহয় আইফোনের চাহিদায় ভাটা পড়তে শুরু করেছে। আইফোনের ডিসপ্লে তৈরি করে থাকে জাপানের শার্প। তাদের কাছে অ্যাপল সম্প্রতি আইফোনের ডিসপ্লে’র যে অর্ডার দিয়েছে, তার পরিমাণ স্বাভাবিক পরিমাণের প্রায় অর্ধেক। আর তাতেই ধারণা করা হচ্ছে, আইফোনের উত্পাদন কমে যাচ্ছে। বাজারে আইফোনের চাহিদা কমে যাওয়ার কারণেই এমন হচ্ছে বলে ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের। এদিকে আইফোনের চাহিদা কমে যাওয়ার এই খবরের সাথে সাথে অ্যাপল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও পড়তে শুরু করেছে। জাপানের সংবাদপত্র নিক্কেই-এ প্রকাশিত খবর অনুযায়ী, শার্পের শেয়ারের দাম কমেছে ৭%। একইসময়ে আইফোনের স্পিকার নির্মাতা এসিসি টেকনোলজিসের শেয়ারের দামও পড়েছে ৪.২%। আর গত সোমবারে অ্যাপল’র শেয়ারের দাম গত এগার মাসের মধ্যে সর্বনিম্নে নেমে আসে।