আজ থেকে রাজশাহীতে তথ্যপ্রযুক্তি মেলা

বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার আয়োজনে রাজশাহী জেলা জিমনেসিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী ২০১৩’। এ প্রদর্শনীর স্লোগান ‘দিন বদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’। প্রদর্শনী উপলক্ষে গতকাল রাজশাহী জেলা জিমনেসিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন এর বিস্তারিত তথ্য তুলে ধরেন। সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির রাজশাহী শাখার সেক্রেটারি আবুল ফজল কাশেমী ও প্রদর্শনীর আহ্বায়ক এসএম মুশফিক সালেহীন রিংকু। রাজশাহী শাখা কমিটির সদস্যবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা জিমনেসিয়ামের ২৫,০০০ বর্গফুট জায়গাজুড়ে ৩৪টি স্টল এবং ৬টি প্যাভেলিয়নে ৩৭টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হালনাগাদ পণ্য প্রদর্শন করবে। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ও এ জাতীয় প্রযুক্তিপণ্য, প্রয়োজনীয় সফটওয়্যার, নেটওয়ার্ক ও টেলিকম সেবা সামগ্রী, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণসহ ডিজিটাল জীবনধারাভিত্তিক প্রযুক্তি ও সেবার হালনাগাদ সংস্করণ এতে উপস্থাপন করা হবে। এ ছাড়া আরও বৈচিত্র্যময় আয়োজনও থাকবে।