মালয়েশিয়া গামী শ্রমিক নিবন্ধন
বেতাগীতে সাড়া মেলেনি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
সরকারিভাবে মালয়েশিয়া যেতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন প্রক্রিয়ায় বেতাগীতে তেমন সাড়া মেলেনি। পর্যাপ্ত প্রচার প্রচারণার অভাব, সেবা কেন্দ্রের অপারেটরদের অদক্ষতা ও নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে সম্ভবত ব্যাপক আগ্রহ ও উত্সাহ লক্ষ্য করা যায়নি। দেড় লাখ জনসংখ্যা অধ্যুষিত উপজেলার ১টি পৌরসভাসহ ৭ টি তথ্য সেবা কেন্দ্রে মঙ্গলবার নিবন্ধন প্রক্রিয়ার শেষদিনে বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মাত্র ১৪৬০ জন লোক নিবন্ধন করে। বিবিচিনি ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, তিনদিনে নিবন্ধনকারীদের সংখ্যা খুবই নগণ্য। তবে বেতাগী সদর ইউনিয়নে ছিল এর ব্যতিক্রম। কেন্দ্রের অপারেটর তানজিনা আক্তার জানান, তার কেন্দ্রে আগ্রহী ব্যক্তিদের ছিলো উপচেপড়া ভিড়। ভুক্তভোগীরা জানায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সেবা কেন্দ্রগুলোতে নিবন্ধন করতে গিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে নিবন্ধন করতে হয়েছে।
বেতাগী উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, সরকারি ব্যবস্থাপনায় শ্রমিক হিসাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ নিতে জি টু জি পদ্ধতিতে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কারণে কিছুটা ভোগান্তি ছাড়া সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।