চলছে রাজশাহী বিসিএস ডিজিটাল এক্সপো

রাজশাহী জেলা জিমনেসিয়ামে চলছে হালনাগাদ তথ্যপ্রযুক্তিপণ্যের জমকালো প্রদর্শনী ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী ২০১৩’। প্রায় সব বয়সের মানুষের উপস্থিতি মেলাকে করে তুলেছে প্রাণবন্ত। মেলায় বিকিকিনিও সন্তোষজনক বলেই অভিমত অংশ নেওয়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর। প্রযুক্তি পণ্যের জমজমাট প্রদর্শনী ছাড়াও এই আয়োজনে রয়েছে সেমিনার, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদর্শনীতে গতকাল সকালে ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। বিসিএস পরিচালক মোস্তাফা জব্বারের সঞ্চালনায় এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁই। এ ছাড়া আলোচক ছিলেন রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রকৌশলী মো. লুত্ফুর রহমান। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রগতি, এর প্রতিবন্ধকতা ও তা দূরীকরণে করণীয় যাবতীয় বিষয় উঠে আসে এ সেমিনারে। এর আগে গত শুক্রবার ছিল স্কুল শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। শিশুদের গেমিং জোনেও ছিল ভিড়। প্রদর্শনীতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আকৃষ্ট করেছে সকলকেই। প্রদর্শনী উপলক্ষে কেনাকাটায়ও বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে আকর্ষণীয় ছাড়, তথ্যপ্রযুক্তি পণ্য পুরস্কার আর নানা উপহার। এতে দর্শনার্থীরা নিজেদের পছন্দের প্রযুক্তিপণ্য কিনতে পারছেন বিশেষ দামে। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।