বেশকিছু বিশ্ববিদ্যালয়ে গণরুম নামক জেলখানার ব্যবস্থা থাকে নবীন শিক্ষার্থীদের জন্য। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নবীন শিক্ষার্থীরা এ কারণে বেশিরভাগ সময় হীনম্মন্যতায় ভোগে। এই জেলখানায় বন্দি থাকে একসঙ্গে অনেক শিক্ষার্থী। গণরুমে একসঙ্গে ফ্লোরিং করতে হয় তাদের। গ্রাম থেকে আসা নবীন শিক্ষার্থীরা হঠাত্ এই গণরুমের পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারে না। তাদের মানসিক বিকাশ সাধনে গণরুম প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। গণরুমে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়ে বড় ধরনের দুর্ঘটনা পর্যন্ত ঘটে যেতে পারে। এছাড়া অনেক নেশাখোর শিক্ষার্থীও থাকে। এই নেশাখোর বন্ধুর প্ররোচনায় বা কৌতূহলবশত কারো নেশার জগতে ঢুকে যাওয়ায় বিচিত্র নয়। গণরুম থেকে বহু শিক্ষার্থীর জীবন নষ্ট হওয়ার অনেক মর্মান্তিক গল্প রয়েছে। গণরুম জীবন একজন শিক্ষার্থীর জন্য অভিশাপস্বরূপ। তাই শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের তাগিদে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নবীন শিক্ষার্থীদের জন্য গণরুম সংস্কৃতি যত দ্রুত সম্ভব বন্ধ হোক।
আবির মাহমুদ খবির
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়