ইন্টারনেটের ব্যবহার প্রসারে বাগেরহাটে জ্ঞানমেলা অনুষ্ঠিত
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ১৯:০৮
ইন্টারনেট অধিকার ও অবাধ তথ্যপ্রবাহের অঙ্গীকার নিয়ে গত শনিবার বাগেরহাটের রামপালে অনুষ্ঠিত হয়েছে ‘জ্ঞানমেলা’। ‘আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি’-এর উদ্যোগে অষ্টমবারের মতো মেলার আয়োজন করা হয়। রামপালের শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. মিহির কান্তি মজুমদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহজাদী আঞ্জুমান আরা, বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভিন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. নুরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের গ্রামাঞ্চলে জীবনযাত্রার মানোন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এতে করে গ্রামপর্যায়ে কর্মসংস্থান বাড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন তারা। দিনব্যাপী মেলায় ৫০টির বেশি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে রামপালসহ আশাপাশের বিভিন্ন গ্রামের মানুষ গ্রামীণ ঐতিহ্যবাহী জিনিসপত্র নিয়ে অংশ নেন। এছাড়াও মেলায় লাঠিখেলা, হাডুডুসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারের জ্ঞানমেলারও প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী এবং তথ্যপ্রযুক্তি সচেতনতা তৈরিতে সেমিনার ও কর্মশালা।