৯০ মিলিয়নে ইন্সট্যাগ্রাম
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ১৯:১০
ফটো শেয়ারিংয়ের জনপ্রিয়তম অ্যাপ্লিকেশন হিসেবে ইন্সট্যাগ্রামের ধারে-কাছেও কেউ নেই জনপ্রিয়তায়। দিনের পর দিন এর ব্যবহারকারী বেড়েই চলেছে। তবে এতদিন পর্যন্ত ইন্সট্যাগ্রাম ব্যবহারকারীদের সংখ্যার নির্দিষ্ট কোনো হিসেব ছিল না। এতদিন পরে এসে প্রথমবারের মতো কিছু আনুষ্ঠানিক তথ্য জানিয়েছে তারা। তাদের জানানো তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন ৯০ মিলিয়নেরও বেশি মানুষ প্রতিমাসে সক্রিয়ভাবে ব্যবহার করছে এই ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন। আর এতে প্রতিদিন আপলোড হওয়া ছবির সংখ্যা ৪০ মিলিয়ন। শুধু তাই নয়, প্রতি সেকেন্ডেই ইন্সট্যাগ্রামে ‘লাইক’ পরে প্রায় সাড়ে ৮ হাজার। কমেন্টেও পিছিয়ে নেই তারা। সেকেন্ডে এক হাজার কমেন্ট পড়ে এই অ্যাপ্লিকেশনে। ইন্সট্যাগ্রামের ব্যবহারকারী বা অন্য কোনো বিষয়ে আগের কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ফেসবুক একে কিনে নেওয়ার পর এবং মাসখানেক আগেই এর নীতিমালা নিয়ে বিতর্কের পর ব্যবহারকারীর সংখ্যা কিছুটা হলেও কমে গেছে। যদিও এই পরিমাণকে তেমন উল্লেখযোগ্য মনে করেন না তারা।