পাসওয়ার্ডের বদলে গুগল আনছে ‘ইউবি কি’
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ১৮:৫৭
পাসওয়ার্ড নিয়ে সমস্যায় পড়েনি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। নানা ডিভাইসের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড, ইন্টারনেটের বিভিন্ন অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড—ডিজিটাল বিশ্বে এখন আমাদের প্রতিনিয়তই মনে রাখতে হয় এমন অনেক ধরনের পাসওয়ার্ড। আর এত পাসওয়ার্ড মনে রাখতে গিয়ে দুই/একটা ভুলে যাওয়া অসম্ভব কিছু নয়। সময়ের সাথে সাথে আবার হ্যাকারদের দৌরাত্ম্যে নতুন কোনো পাসওয়ার্ড দিয়েও নিশ্চিন্তে বসে থাকা মুশকিল। বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ডেই হ্যাকারদের আগ্রহ বেশি। সে কারণেই এবারে পাসওয়ার্ড ইনপুটের ঝামেলা মেটাতেই টেক জায়ান্ট গুগল নিয়ে আসতে যাচ্ছে বিশেষ ‘ইউএসবি কি’। শুধু ইউএসবি কি-ই নয়, মোবাইল ফোন বা কোনো অলংকারও ব্যবহার করা যাবে কম্পিউটিং ডিভাইসের ‘আনলকার’ হিসেবে। গুগল’র নিরাপত্তা গবেষকরা এখন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন নতুন এই প্রযুক্তি নিয়ে এবং ইতোমধ্যেই তারা এই গবেষণায় সফলতাও অর্জন করেছেন। সামনের মাসে এই গবেষণার বিস্তারিত তথ্য প্রকাশ করবে গুগল। তবে এখন পর্যন্ত গবেষণা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে করে খুব অল্পদিনের মধ্যেই এই প্রযুক্তি সর্বত্র ছড়িয়ে পড়বে বলেই আশাবাদী গুগল। ধারণা করা হচ্ছে, এই নতুন প্রযুক্তির নাম দেওয়া হবে ‘ইউবি কি’। গুগল ল্যাপটপে এই চাবি ব্যবহার করে সব ধরনের অ্যাকাউন্টেই প্রবেশ করা যাবে। আর ইউএসবি ইন্টারফেস থাকায় এই চাবি ব্যবহার করা যাবে যেকোনো ডিভাইসেই। আক্ষরিক অর্থেই এই ‘ইউবি কি’ ব্যবহূত হবে চাবি হিসেবেই। এই চাবি স্বয়ংক্রিয়ভাবেই ব্যবহারকারীর প্রায় সব ধরনের অ্যাকাউন্টেই প্রবেশ করার সুযোগ করে দেবে। আর এটি ইউএসবি পোর্টে প্রবেশ করালে প্রতিবার পাসওয়ার্ডের জন্য আলাদা করে কোনো কাজ করতে হবে না। আইট্রিপলই’র সিকিউরিটি ম্যাগাজিনের আগামী সংখ্যাতেই নতুন এই প্রযুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেই জানিয়েছে গুগল। এ বিষয়ে গুগল’র সিকিউরিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক গ্রসে এবং প্রকৌশলী মায়াংক উপাধ্যায় জানিয়েছেন, ‘তথ্যপ্রযুক্তির সাথে সংশ্লিষ্ট অন্য অনেকের মতোই আমরাও মনে করি, পাসওয়ার্ড কিংবা কুকির মতো উপাদানগুলো নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে যথেষ্ট নয়। আর তাই আমরা ধরনের ক্রিপ্টোগ্রাফি নিয়ে গবেষণা করছি। ভবিষ্যতে আমাদের মোবাইল ফোন কিংবা সত্যিকার অর্থেই একটি ইউএসবি ইন্টারফেসের চাবি হতে পারে আমাদের নিরাপত্তা বিষয়ে পূর্ণাঙ্গ সমাধান।’ গুগল আশা করছে তাদের উদ্ভাবিত এই প্রযুক্তি খুব দ্রুত সাড়া ফেলতে সক্ষম হবে প্রযুক্তি বিশ্বের সকলের কাছে।
তরিকুর রহমান সজীব