সাজেদা চৌধুরীর মনোনয়নের দাবিতে ফরিদপুরে সড়ক অবরোধ

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। নেতাকর্মীরা সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড়ে ঘণ্টাব্যাপী অবরোধ সৃষ্টি করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের দুই প্রান্তে কয়েকশ যানবাহন আটকা পড়ে।

প্রসঙ্গত, রবিবার আওয়ামী লীগের মনোনয়নের চিঠি বিতরণের দ্বিতীয় দিনে ফরিদপুর- ২ আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এরই মাঝে এই আসনে জাকের পার্টির চেয়ারম্যান  মোস্তফা আমীর ফয়সালকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে প্রচার হলে রাস্তায় নেমে পড়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার সকালে নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার জয়বাংলার মোড়ে জড়ো হয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এসময় নেতাকর্মীরা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দিতে হবে বলে বিভিন্ন শ্লোগান দেন।

তারা জানান, ফরিদপুর-২ আসনে অন্য কাউকে মনোনয়ন দিলে আমরা মেনে নেবো না। এই আসন আওয়ামী লীগের।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও তার কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিকের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে।