সিলেটের ওসমানীনগরে বাদল মালাকার (২২) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার উছমানপুর ইউপির লামাপাড়া কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাদল উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামের বিরু মালাকারের ছেলে। তিনি পেশায় রিকশা চালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে একটি মালিক বিহীন রিকশা পাওয়া যায়। এ সময় লাশের পড়নে শার্ট, প্যান্ট পড়া ছিল। খবর পেয়ে রাতে সাড়ে ১১টার দিকে নিহতের স্বজনরা থানায় এসে লাশ সনাক্ত করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বুধবার সকালে রিকশা নিয়ে বের হয় বাদল। দুপুরে বাড়িতে ভাত খেয়েছিল। কিন্তু রাত ১১টা পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে বের হন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুত কক্সবাজার
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস. এম. আল মামুন বলেন, লাশ পরিচয় সনাক্ত হওয়ার পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দ্রুত জড়িতদের সনাক্ত করতে থানা পুলিশ তৎপর রয়েছে।
ইত্তেফাক/অনি