আক্কেলপুরে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে শামসুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তিনি কলেজ বাজার থেকে কাঁচামাল ক্রয় করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় এ ঘটনাটি ঘটে। শামসুল ইসলাম কাঁচামাল ব্যবসায়ী বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার সময় আক্কেলপুর পৌর এলাকার শান্তনগর মোড় নামক স্থানে সাইকেলযোগে শামসুল পৌঁছালে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জরুরী বিভাগে আনার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে  মৃত ঘোষণা করেন। নিহত শামসুল ইসলাম উপজেলার শিয়ালা পশ্চিম পাড়া গ্রামের মৃত সাদিল ইসলামের ছেলে। 

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শামসুল ইসলাম মারা যান। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুনঃ শার্শায় যৌন হয়রানির অভিযোগে শিক্ষক ও সহায়তাকারী অধ্যক্ষসহ ৪ জন আটক

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) কিরন কুমার রায় বলেন, ‘একজন বৃদ্ধ মানুষ মারা যাওয়ার খবর পেয়েছি।’

ইত্তেফাক/নূহু