সবচেয়ে পাতলা ট্যাবলেট পিসি

টেক জায়ান্ট সনি এবারে নিয়ে এসেছে তাদের নতুন মডেলের এক্সপেরিয়া জেড ট্যাবলেট পিসি। আর তারা দাবী করছে, এটি বিশ্বের সবচেয়ে কম পুরুত্বের ট্যাবলেট পিসি। সনি জানিয়েছে, এই এক্সপেরিয়া জেড-এর পুরুত্ব মাত্র ০.২৭ ইঞ্চি। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত এই ট্যাবলেট পিসি সেই অর্থে অ্যাপল’র আইপ্যাড মিনির চাইতেও ০.০১ ইঞ্চি কম পুরুত্বের। এই ট্যাবলেট পিসির বিশেষ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি এক্সপেরিয়া জেড সিরিজের স্মার্টফোনের মতোই পানিরোধী। অর্থাত্, পানির নিচেও সহজেই কাজ করতে পারবে এই ট্যাবলেট পিসি। ৪৯৫ গ্রাম ওজনের এই ট্যাবলেট পিসিতে এনএফসিসহ আধুনিক স্মার্টফোনের সব ধরনের সুবিধাই রয়েছে। খুব শীঘ্রই এটি বাজারে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে সনি।